ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- এন টি ভি কর্মী আতিকুল ইসলাম হত্যার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে আটক নাহিদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জবানবন্দী দিয়েছে।
সোমবার মহানগর হাকিম কনিকা বিশ্বাসের খাস কামরায় নাহিদ এই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। জবানবন্দী শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
৪ দিন রিমান্ড শেষে আলোচিত এ হত্যা মামলায় গ্রেপ্তার আবদুল্লাহ মো. ইবনে আলী সরকার নাহিদ ও মো. খোকনকে দুপুরে গোয়েন্দা পুলিশ আদালতে নিয়ে আসে।
খোকন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে অস্বীকার করায় তাকে কারাগারে পাঠানো হয়।
স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে নাহিদ কি বলেছে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেননি সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকডিং কর্মকর্তা কাজী সাজাহান।
তবে তিনি বিডিনিউজ ২৪ ডটকমকে নিশ্চিত করে বলেছেন যে নাহিদ হাকিমের কাছে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিডিনিউজ ২৪ ডটকম/পিবি/এসকে/২২৪৩ঘ.
bdnews24