বাগেরহাট, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - মুক্তিযুদ্ধের সময় বাবা, বড় ভাই ও ফুফাতো ভাইকে হত্যার অভিযোগে বাগেরহাটে চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
রোববার বাগেরহাটের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার রামপাল উপজেলার কুমলাই গ্রামের আব্দুল হাশেম শেখ।
হাকিম মো. ইয়ারব হোসেন রামপাল থানাকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ নিয়ে বাগেরহাটে যুদ্ধাপরাধের তিনটি মামলা হয়েছে। এর আগে যুদ্ধাপরাধের দুটি মামলা হয়েছে গত বছরের ১ ও ৯ জুন।
হাশেম শেখের করা মামলার চার আসামি হলেন- কুমলাই গ্রামের আদিল উদ্দিন শেখের ছেলে শেখ সামছুল আলম (৬২), সামাদ শেখের ছেলে শেখ ইউনুস আলী, বেলায়েত তালুকদারের ছেলে রুস্তম তালুকদার (৬০) এবং ইসলামাবাদ গ্রামের হামিদ জল্লাদ।
এদের মধ্যে ইউনুস আলী ও হামিদ জল্লাদ মারা গেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
১৯৭১ সালে আসামিরা বাদীর বাবা আব্দুল গনি শেখ, বড় ভাই আব্দুল হামিদ শেখ এবং ফুফাতো ভাই একই গ্রামের কাশেম মল্লিককে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মুক্তিযুদ্ধকালে একাত্তরের নভেম্বরের মাঝামাঝি একদিন গভীর রাতে আসামিরা বাদীর বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় গণি শেখ ও হামিদ শেখকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
এ সময় বাদী ঘরে লুকিয়ে ছিলেন। হত্যাকারীরা তাকে ধরার চেষ্টা করলে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পালানোর সময় তাকে লক্ষ্য করে আসামিরা গুলিও করে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
পরদিন দুপুরে আসামিরা বাদীর ফুফাতো ভাই কুমলাই গ্রামের কাশেম মল্লিককে প্রকাশ্যে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় অপর আসামি শেখ সামছুল আলমের বাড়িতে। পরদিন পার্শ্ববর্তী কিসমত ঝনঝনিয়া গ্রামের রাস্তার পাশ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। কিন্তু হত্যাকারীরা তার লাশ দাফন করতে না দিয়ে নদীতে ভাসিয়ে দেয়।
রামপালে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, "১৯৭১ সালে তিনজনকে হত্যার অভিযোগে আদালতে একটি মামলা হয়েছে বলে শুনেছি। আদালতের নির্দেশনা পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"
একাত্তরে মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী বেপারী হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ৯ জুন তার মেয়ে আমিরুন্নেছা একটি মামলা করেন। মামলায় আক্রাম খাঁসসহ ১০/১২ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ করা হয় ১৯৭১ সালের ২৫ নভেম্বর দুই মুক্তিযোদ্ধা ওয়াহাব ও বাদীর বাবা সেকেন্দার আলীকে হত্যার করেছিল আসামিরা।
শরণখোলায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় অপর মামলাটি করেন বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার। মামলাটি করা হয় গত বছরের ১ জুন। এ মামলায় ১৯৭১ সালে ১১ ডিসেম্বর দুই মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও মো সুলতানকে হত্যার অভিযোগ আনা হয় আক্রাম খাঁ ও শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের নজীর হওলাদারসহ অজ্ঞাতনামা ১০/১২জন আসামির বিরুদ্ধে।
আসামি আক্রাম খাঁ মোড়েলগঞ্জের তেলিগাতি গ্রামের মোক্তার আলী খাঁর ছেলে। এখন বসবাস করছেন বাগেরহাট শহরের পুরাতন বাজারে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24