ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ২৬ দিন বর্জনের পর সোমবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলের জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে তারা অধিবেশনে যোগ দেয়।
রোববার সন্ধ্যায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভায় সংসদে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এর আগে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ''আমরা আজ (সোমবার) সংসদ অধিবেশনে যোগ দেব। আশা করি, সরকারি দল এ ব্যাপারে উদার মনোভাবের পরিচয় দেবে। তারা এমন কোনো পরিবেশ সৃষ্টি করবে না, যাতে বিরোধী দল সংসদে যেতে বাধার মুখে পড়ে। ''
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আসন বিন্যাসের বিষয়ে স্পিকার সন্মানজনক সমাধান দেবেন-এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা সংসদে ফিরে যাচ্ছি।''
তত্ত্বাবধায়ক সরকার আমলের অধ্যাদেশগুলোর বিষয়ে বিএনপি সংসদে গিয়ে তার অবস্থান পরিস্কার করবে বলেও তিনি জানান।
এ বিষয়ে তিনি আরো বলেন, "বিএনপি সংবিধানের সঙ্গে সঙ্গতিহীন কোনো অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগ সমর্থন করবে না। ''
নবম সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন ২৫ জানুয়ারি বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপিকে বিরোধী দলের বেঞ্চে প্রথম ও দ্বিতীয় সারিতে যথাক্রমে ৯টি ও ১০টি আসন দেন।
কিন্তু নতুন স্পিকার আবদুল হামিদ শপথ নেওয়ার পর আসন পুনর্বিন্যাস করে প্রথম ও দ্বিতীয় সারিতে ৪টি করে আসন দেন। গত ২৮ জানুয়ারি বিএনপি এর প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে যোগদান থেকে বিরত থাকে।
নবম সংসদে বিএনপির আসন সংখ্যা ২৮টি, জামায়াতে ইসলামীর ২টি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ১টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৫৫৯ ঘ.
bdnews24