২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহনপুরের আরও সাতজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

রাজশাহীর মোহনপুর উপজেলার সেন্দুরী গ্রামের সাতজনের বিরুদ্ধে রোববার যুদ্ধাপরাধের মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

রাজশাহী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজশাহীর মোহনপুর উপজেলার সেন্দুরী গ্রামের সাতজনের বিরুদ্ধে রোববার যুদ্ধাপরাধের মামলা হয়েছে। ওই গ্রামের তছির উদ্দিনের মেয়ে সুফিয়া বেগম রাজশাহীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। হাকিম মোহাম্মদ আলমগীর মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহনপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- সেন্দুরী গ্রামের ময়েদ আলী, নাজিম উদ্দিন, মঞ্জুর রহমান, আইয়ুব আলী, সামান আলী, বাদেজোল গ্রামের আব্দুল হাকিম এবং ভাতুড়িয়া গ্রামের উমর ওরফে উমর ডাক্তার। গত বছরের ২২ জুন রাজশাহী মহানগরীরর শাহ মখদুম থানাধীন বীরসইল এলাকার মেজারুল শেখ রাজশাহীর আদালতে ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় গত ১২ ফেব্র"য়ারি মোহনপুরের বেড়বাড়িয়া ডাইংপাড়ার দাউদ আলী ও নূরে আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। মোহনপুর উপজেলার মুগরইল গ্রামে ১৯৭১ সালে মেজারুলের বাবা বশির শেখসহ ১৫ জনকে হত্যা, লুটপাট ও ধর্ষণের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃত দুই আসামি পুলিশ রিমান্ডে রাজাকার বাহিনীর সদস্য ও পাকিস্তানি বাহিনীকে সহায়তার কথা স্বীকার করেছেন। রোববার করা মামলাটির এজাহারে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আসামিরা রাত ১২টার দিকে বাদীর বাড়িতে ঢুকে ব্যাপক লুটপাট চালায়। তারা ওই বাড়ি থেকে নয় ভরি স্বর্ণালংকার, গরু ও ছাগল লুট করে। এতে বাধা দিলে তার ভাই মফিজ উদ্দিন ও কফিল উদ্দিনকে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহৃত সাঁকোয়া মাদ্রাসায় নিয়ে নির্যাতন ও গুলি করে হত্যা করে। তাদের লাশও পাওয়া যায়নি। এ ঘটনা গ্রামের সবাই জানে বলে বাদী এজাহারে উল্লেখ করেন। এ ব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিলন জানান, রোববার বিকেল পর্যন্ত তিনি আদালতের কোনও নির্দেশ হাতে পাননি। তবে আদালতে মামলা দায়েরের বিষয়টি তিনি শুনেছেন বলে জানান। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৩ ঘ.