ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'আলু বোখরা' উপাধি দিয়ে কবিতা লেখার অভিযোগ এনে তথ্যসচিব আ ত ম ফজলুল করিমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
তথ্যসচিব একজন লেখক হিসেবে আবু করিম নামেই পরিচিত।
রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মো. ইলিয়াস হোসেন বিন হেলালী।
মহানগর হাকিম কণিকা বিশ্বাস বাদির জবানবন্দী গ্রহণ করলেও কোন আদেশ দেননি।
মামলায় অভিযোগ করা হয়, 'বাগানে ফুটে আছে অনেক গোলাপ' নামে আবু করিমের একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর একটি কবিতায় বঙ্গবন্ধুকে লতিফুর রহমান নামে উল্লেখ করা হয়েছে এবং তাকে 'আলু বোখরা' উপাধি দেওয়া হয়েছে।
এছাড়া কবিতায় শেখ মুজিবের ছেলে শেখ কামালকে 'কমলা কলি', শেখ জামালকে 'জাম কলি' এবং শেখ রাসেলকে 'রসকলি' নামে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদসূচক, মানহানিকর ও অশোভন কথাবার্তা বলা হয়েছে। গত ২০ ফেব্র"য়ারি দৈনিক আমাদের সময় পত্রিকায় এ কবিতা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলেও এতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৩৪১ ঘ.
bdnews24