ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)- সাতক্ষীরার শ্যামনগরে পাঁচদিন আগে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ শনিবার পুলিশ উদ্ধার করেছে। এছাড়া সাভারে পাঁচদিন আগে অপহৃত এক তরুনের লাশ উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, শ্যামনগরের জয়নগর গ্রামের নিখোঁজ ব্যবসায়ী মাজেদ পাড়ের (৫৫) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গত ১৭ ফেব্র"য়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বাড়ির পাশে মাজেদের ভাইয়ের সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শ্যমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গত ১৭ ফেব্র"য়ারি রাতে নিজ চিংড়ি ঘেরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মাজেদ পাড়ে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে কয়েকজন রাজমিস্ত্রি ওই ট্যাঙ্কের পাশে কাজ করার সময় লাশের সন্ধান পেয়ে পুলিশে খবর দেন।
বিকেলে মাজেদের গলিত লাশ পুলিশ উদ্ধার করে।
আব্দুর রাজ্জাক বলেন, মাজেদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহতের ছেলে মোজাম্মেল হক বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সাভার প্রতিনিধি জানান, অপহরণের পাঁচদিন পর শনিবার বিকেলে সাভারের টংগাবাড়ী এলাকার একটি বালুর ঢিবি থেকে আক্তার হোসেন (১৬) নামের এক তরুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আক্তারের হাত-পা বাঁধা এবং গলায় তার পেঁচানো ছিল।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আক্তার হোসেনের চাচাত ভাই রুবেলকে (২১) গ্রেপ্তার করেছে।
আক্তার হোসেন সাভারের তৈয়বপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি তার বাবার সঙ্গে তৈয়বপুর বাজারে কাচাঁমাল বিক্রি করত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, ১৭ ফেব্র"য়ারি রাতে আক্তার হোসেনকে তার পাঁচ বন্ধু জোর করে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। রাতেই তার মামা জামাল উদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় এনামুল হক (১৮), জুয়েল (১৯), রুবেল (২১), জাহাঙ্গীর (১৮) ও একলাছকে (৩৫) আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
শুক্রবার রাতে পুলিশ মামলার আসামি রুবেলকে গ্রেপ্তার করে।
রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ শনিবার বিকেল ৩টার দিকে টংগাবাড়ী এলাকার একটি বালির ঢিবির ভিতর থেকে আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24