ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)-- নিষিদ্ধ ঘোষিত জঙ্গী ইসলামী সংগঠন জামায়া'তুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)-এর আরও আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
টঙ্গী, জামালপুর ও লালমনিরহাট থেকে গ্রেপ্তার হওয়া এ জেএমবি সদস্যদের কাছ থেকে গ্রেনেড ও গ্রেনেড তৈরির সরঞ্জাম এবং বিপুলসংখ্যক জেহাদী লিফলেট, বই ও সিডি উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে গাজীপুরে পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) কার্যালয়ে গ্রেনেড বিস্ফোরণের পর থেকে এই আটজনকে নিয়ে মোট ১১ জঙ্গীকে গ্রেপ্তার করা হলো।
গাজীপুর এসপি কার্যালয়ে গ্রেপ্তার জেএমবি সদস্যদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত গ্রেনেড ও বিস্ফোরক প্রদর্শনের সময় ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ বলেছে, গ্রেপ্তার এক জঙ্গী হঠাৎ একটি গ্রেনেড পুলিশ ও সাংবাদিকদের দিকে ছুড়ে মারে।
গাজীপুর: শনিবার ভোরে টঙ্গীর বোর্ডবাজার এলাকার মাস্টারপাড়া থেকে তিনটি গ্রেনেড ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ চার জঙ্গীকে গ্রেপ্তার করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার ভোর সাড়ে চারটার দিকে বোর্ডবাজারের পূর্ব কলেমশ্বর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে জেএমবি সদস্য নাসরীন আক্তার (১৯), মাসুদ রানা (২২), আরিফুর রহমান (২০) এবং জাহিদ হাসানকে (২১)) আটক করা হয়।
উপ-পরিদর্শক নাজমুল গ্রেনেড ও গ্রেনেড তৈরির সরঞ্জাম এবং জেহাদী লিফলেট, পুস্তক ও সিডি উদ্ধারের কথা স্বীকার করেন।
নাজমুল হাসান জানান, গ্রেপ্তারদের সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জামালপুর: জামালপুর থেকে তিন জেএমবি জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানোর পর বাড়ি ফিরলে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সে জঙ্গী তৎপরতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, জামালপুর শহরের ইকবালপুর এলাকা থেকে মেহদী ইকবাল রিপন (৩৪) ও শামসুল হককে (৫৫) গ্রেপ্তার করা হয়। এরমধ্যে শামসুল হক জেএমবির মহিলা স্কোয়াডের প্রধান রাজিয়া সুলতানার বাবা।
রাজিয়া সুলতানা পলাতক রয়েছেন বলে তিনি জানান।
রংপুর: র্যাব-৫-এর সদস্যরা জেএমবি সদস্য মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে জেহাদী বই উদ্ধার করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা ফ্লাইট লেঃ সাইফুল ইসলাম জানান।
সন্ধ্যায় স্থানীয় র্যাব কার্য্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লালমনিরহাট জেলার কালীগজ্ঞ উপজেলার শৈলমারী গ্রামের জনৈক আশরাফ আলীর বাড়ি থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, মনোয়ার হোসেনের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের আলশিয়া পাড়া গ্রামে। তার কাছ থেকে ৪টি জেহাদী বই উদ্ধার করা হয়েছে। মনোয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসব গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসপি কার্যালয়ে শুক্রবার বিকেলের বিস্ফোরণের পর সেদিনই সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে দেশে তৈরি দু'টি বোমা, বিপুলসংখ্যক জেহাদী সিডি ও বইসহ জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/টিআর/এসকে/২০২৯ঘ.
bdnews24