ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ২৪ডটকম)-একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাত ১২টা ১ মিনিটের পর পর্যায়ক্রমে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।
এরপর মন্ত্রিসভার সদস্যবর্গ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর স্পিকার আব্দুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহীদের নেতৃত্বে হুইপবৃন্দ
শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকা এরপর পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে তিনবাহিনীর প্রধান, এটর্নি জেনারেল ও ডেপুটি এটর্নি জেনারেল, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশী সংস্থার প্রধানরা শ্রদ্ধা জানান।
পরে একে একে রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি, সেক্টর কমাণ্ডার্স ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স অরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, আওয়ামী যুবলীগ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
পরে পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাংবাদিক নির্মল সেন, জাসদ (ইনু), ঢাকা চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি (ডিসিসিআই), স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সিপিবি, গণফোরাম, বাসদ, ১১ দল, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, বাম মোর্চা শ্রদ্ধা নিবেদন করে।
প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদন যখন চলছিল, তখন নিরাপত্তা বেষ্টনির বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ।
সেখানে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক রিয়াজুল বাশার জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন শহীদ মিনারের আশপাশে। শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়ার জন্য দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন ।
এদিকে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে রনেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ ও মুক্তিযুদ্ধ ডট অর্গ-এর আয়োজনে চলছে রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান। টিএসসিসহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় এখন উপচেপড়া ভিড়।
বিডিনিউজ ২৪ডটকম /এসএম/এইচএ/০১৩২ঘ.
bdnews24