ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ ২৪ ডটকম)--ভারতের লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জি শনিবার তিনদিনের সফরে ঢাকা আসছেন।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, স্পিকার আব্দুল হামিদের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন। নব-নির্বাচিত সংসদ সদস্যদের জন্য রোববার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন।
এতে হয়, সফরকালে সোমনাথ চ্যাটার্জি রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি স্পিকার আব্দুল হামিদ ও সংসদের অন্যান্য নেতার সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ও ভারতের রয়েছে অভিন্ন ইতিহাস, ভাষা ও সংস্কৃতি। দুই দেশের জনগণেরই গণতন্ত্রের প্রতি গভীর আস্থা রয়েছে। ঘনিষ্ট ও বন্ধুপ্রতীম প্রতিবেশী হিসেবে ভারত সংসদীয় সহযোগিতাসহ সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক জোরদারের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।
বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/টিআর/এইচএ/২২৫২ঘ.
bdnews24