ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ ২৪ ডটকম)- সবার কবর জিয়ারত করলেও জিয়াউর রহমানের কবর জিয়ারত না করায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের 'নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মহান একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তুলে বলেন, গণতন্ত্র, নির্বাচন ও সংসদের নামে বর্তমানে 'প্রহসন' চলছে।
দেলোয়ার বলেন, ''শপথ নিয়ে রাষ্ট্রপতি বলেছিলেন যে, তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন। বাংলাদেশের অন্য রাষ্ট্র্রপতিরা শপথ নেয়ার পর যেসব জায়গায় পুষ্পস্তবক অর্পণ করতে যেতেন, তিনি গেলেন আরো বেশি জায়গায়। কিন্তু স্বাধীনতার ঘোষণা যিনি দিলেন, সেই শহীদ জিয়ার মাজারে তিনি গেলেন না। এর মধ্য দিয়ে কি তিনি নিজের দলীয় পরিচয় তুলে ধরেননি? ''
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব বলেন, ''ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা দেশে এখনো বাস্তবায়িত হয়নি। তাদের স্বপ্ন এখনো আঁধারেই রয়ে গেছে।''
তিনি অভিযোগ করেন, "এখানে নির্বাচনের ফল ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। নির্বাচন কমিশনের বাইরের শক্তি যদি নির্বাচনের ফল নির্ধারণ করে তাহলে মানুষের ভোটের মূল্য কোথায় রইল?''
তিনি দেশ গঠনে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। সমালোচনা করেন আওয়ামী লীগ সরকারের 'একচোখা' নীতিরও।
সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সমালোচনা করে বলেন, ''তারা ক্ষমতায় গিয়ে যা করছে তাতে দেশ যে কোথায় যাবে, তা কেউ জানে না। দেশের কোনো গঠনমূলক কাজে তারা উৎসাহী নয়। তারা সন্ত্রাস, চাঁদাবাজী ও জবর-দখলে লিপ্ত রয়েছে।''
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী, মওদুদ আহমেদ, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস ও সেলিমা রহমান, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, মহিলা দলের ঢাকা মহানগর সম্পদক শিরিন সুলতানা ও ছাত্রবিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন। সভা পরিচালনা করেন দফতর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ।
বিডিনিউজ ২৪ ডটকম /এসএম/টিআর/এইচএ/২০৫৪ঘ.
bdnews24