চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড সদর উপজেলার দোয়াজী পাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন মারা গেছে।
নিহতরা হলেন আবুল বাশার, তার স্ত্রী সেলিনা আকতার (৩৫), তাদের তিন সন্তান সৌরভ (১৭), সবুজ হোসেন (১০) ও সজীব হোসেন (৩)।
দমকল বাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, রাত দেড়টার কিছু পরে দোয়াজী পাড়ায় আলতাফ হোসেনের মালিকানাধীন একটি মোমবাতি কারখানার পাশে আবুল বাশারের আধ পাকা ঘরে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসকষ্টে এ পরিবারের সবাই মারা যান।
বাশারের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকায় মোমবাতি সরবরাহের কাজ করতেন।
সীতাকুণ্ড দমকল বাহিনীর কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দমকল বাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পোঁছায়। রাত পৌনে তিনটার দিকে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ দুর্ঘটনায় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া তাদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/জিএনএ/১২১০ ঘ.
bdnews24