ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অনুমোদন পাওয়া টিভি চ্যানেলগুলোর পরিচালনা পদ্ধতিসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।
আরও বেসরকারি টিভি চ্যানেলের অনুমতির বিষয়টি বিবেচনা করার কথা উল্লেখ করে একথা জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৩ আসনের সাংসদ এবিএম আবুল কাশেমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, "জনসাধারণের চাহিদার কথা বিবেচনায় এনে বেসরকারি সংবাদ চ্যানেল (টিভি) অনুমোদন দেওয়ার বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি নীতিমালা তৈরির কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব নীতিমালা তৈরি করে নতুন টিভি চ্যানেল অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।"
'বিএনপি আমলে অনুমোদন পাওয়া টিভি চ্যানেলগুলোর ব্যাপারে সরকার কী ভাবছে'- আওয়ামী লীগ সাংসদ ইস্রাফিল আলমের এই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, "নীতিমালা তৈরি হলে খতিয়ে দেখা হবে আগে অনুমোদন পাওয়া টিভি চ্যানেলগুলো কীভাবে চলছে, তাদের আয়ের উৎস কী, তাদের বোর্ড অব ডিরেক্টর কারা। তারপর একটি কমিটির মাধ্যমে যাচাই করে দেখা হবে কোনটি রাখা যাবে এবং কোনটি রাখা যাবে না।"
জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, "আমাদের টিভি চ্যানেলগুলো ভারতের পশ্চিমবঙ্গে দেখানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।"
চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, আধুনিক ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্রগুলো সেন্সর নীতিমালার আওতায় আনতে বিদ্যমান সেন্সর নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন করে যুগোপযোগী করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
আওয়ামী লীগের দুই সাংসদ মো. শহীদুজ্জামান সরকার ও বেনজির আহমেদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরো জানান, দেশে বর্তমানে ৫৭৫টি দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয়। ঢাকা জেলা থেকে প্রকাশিত হয় ২৪১টি।
বিডিনিউজ২৪ডটকম/এমএ/এএল/এইচএ/২১৪২ঘ.
bdnews24