নীলফামারী, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার জলঢাকা উপজেলার হাজিপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেএমবি সদস্য মশিউর রহমান (৪০) ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি একই গ্রামের খুটামা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক।
তার কাছ থেকে নয়টি জিহাদী বই, একটি ডায়েরি ও তিনটি নোটবই উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার সকালে নীলফামারী থানা পুলিশ জলঢাকা থেকে জেএমবি সদস্য মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছে থাকা বেশ কয়েকটি জিহাদী বইসহ একটি গোপন ডায়েরিও উদ্ধার করা হয়।
তিনি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।"
তার কাছে পাওয়া ডায়েরিতে একে-৪৭ রাইফেল ও পিস্তল চালানোর নিয়ম এবং টাইম বোমা ও মাইন বিস্ফোরণের কলাকৌশলসহ বিভিন্ন সূত্র লেখা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
আটক মশিউর রহমান পুলিশকে জানান, ১৯৯৮ সালে নিজ বাড়িতে এক গোপন সভায় জেএমবি সদস্য খালিদ মাসুদের নেতৃত্বে তিনি জেএমবিতে যোগ দেন। এ সময় জলঢাকা উপজেলার বেশ কয়েকজন জামায়াত নেতা সেখানে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
গত দেড় মাসে নীলফামারীতে জেএমবি'র আঞ্চলিক কমান্ডার ও এহসার সদস্যসহ মোট ১৪ জেএমমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ঘ.
bdnews24