২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি উপযোগী প্রযুক্তি আবিষ্কার করতে হবে: মতিয়া

বাড়তে থাকা জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদন বাড়াতে কৃষকদের জন্য লাভজনক, সহজে ব্যবহার উপযোগী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি আবিষ্কারের আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

গাজীপুর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়তে থাকা জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদন বাড়াতে কৃষকদের জন্য লাভজনক, সহজে ব্যবহার উপযোগী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি আবিষ্কারের আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিজ্ঞানীদের চাকরির বয়সসীমা বাড়ানোর ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। তিন দিনব্যাপী বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির ২১তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। বিজ্ঞান ও খাদ্য নিরাপত্তার মধ্যে নিবিড় সম্পর্কের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "দেশের আবাদযোগ্য জমি কম, তবে মানুষ বেশি। এমন পরিস্থিতির মধ্যে আমাদের এগুতে হচ্ছে। বিজ্ঞানের কল্যাণে আজ আমরা '৭০ সালের তুলনায় তিনগুণ বেশি খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছি।" সৌর শক্তি ব্যবহারের মাধ্যমে শক্তিচালিত, অগভীর নলকূপ পাম্প চালানোর উপযোগী এবং গুটি ইউরিয়া প্রয়োগ করার যন্ত্র উদ্ভাবনের জন্য কৃষি প্রকৌশলীদের আরো মনোনিবেশ করারও তাগিদ দেন তিনি। গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি ড. এস এম ইমামুল হক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এম হারুন-উর-রশীদ, বিজ্ঞান উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ড. ক্ষীরোধ চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ ও ৫ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও মেহের আফরোজ চুমকি। তিন দিনব্যাপী এ সম্মেলনে ৯টি সেশনে বিভিন্ন ডিসিপ্লিনের কারিগরি অধিবেশন চলবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞ এতে অংশ নিয়ে তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়- 'খাদ্য নিরাপত্তার জন্য বিজ্ঞান'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩১৫ ঘ.