চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বাস চাপায় চৌধুরী টেক্সটাইল মিলের কর্মী নিহত হওয়ায় নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় সড়ক অবরোধ ও বাস ভাংচুর করেছে শ্রমিকরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বায়েজীদ বোস্তামী সড়কে টেক্সটাইল মিলের গেটের সামনে একটি বাসের ধাক্কায় শিমলা (৩৫) নামের মিলের এক টেলিফোন অপারেটর গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পৌনে সাতটার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপর বিভিন্ন কারখানার বিপুল সংখ্যক শ্রমিক বাসটি (চট্ট মেট্ট্রো- জ ১১-০৯৭৫) ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়। শ্রমিকরা বিআরটিসির একটি বাসও ভাংচুর করে।
তারা দুর্ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় সড়ক অবরোধ করে। রাত সাড়ে আটটায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং আবার যানবাহন চলাচল শুরু হয়।
বায়েজীদ বোস্তামী থানার কর্তব্যরত উপ পরিদর্শক ওয়াহিদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়। এতে শ্রমিকরা শান্ত হয়। রাত সাড়ে আটটার দিকে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।
তিনি জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
শ্রমিকরা নগরীর ব্যস্ততম এই সড়কটি অবরোধ করায় দুই নম্বর গেট, অক্সিজেন ও মুরাদপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/২২০১ঘ.
bdnews24