ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় নিহতদের লাশের সুরতহালের দুই সাক্ষী মোঃ সোলায়মান ও মোঃ আক্কাসের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বুধবার সকালে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মোঃ মাসদার হোসেনের আদালতে তাদের সাক্ষ্য নেওয়া হয়। বিচারক আগামী ২৩ ফেব্র"য়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
এই দু'জনকে নিয়ে আলোচিত মামলা দু'টির ৪০৮ সাক্ষীর মধ্যে মাত্র চারজনের সাক্ষ্য নেওয়া হলো।
পরবর্তী তারিখে অভিযোগপত্রভূক্ত রাষ্ট্রপক্ষের ৪৩, ৪৪, ৪৫ নম্বর সাক্ষীকে আদালতে হাজির করা হবে।
রিক্সাচালক সোলায়মান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনার দিন তার ভাই আব্দুল হানিফের লাশের সুরতহাল রিপোর্টে সই করেন বলে সাক্ষ্য দেন।
আদালতে তিনি বলেন, আব্দুল হানিফ বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন। এ খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি তাকে মৃত দেখতে পান।
অপর সাক্ষী মোঃ আক্কাস তার বন্ধুর বাবা রফিকুল ইসলামের লাশের সুরতহাল রিপোর্টে সই করেন বলে সাক্ষ্য দেন।
তিনি তার সাক্ষ্যে বলেন, গ্রেনেড হামলায় রফিকুল ইসলামের আহত হওয়ার খবর শুনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি তাকে মৃত দেখতে পান।
জবানবন্দী দেওয়ার পর আসামি আব্দুস সালাম পিন্টুর আইনজীবী আব্দুস সোবহান তরফদার, আরিফ হাসান সুমনের আইনজীবী আমিনুল গণি টিটো, শাহাদত উল্লাহ জুয়েলের আইনজীবী মোরশেদুজ্জামানসহ অন্যান্য আসামির আইনজীবীরা তাদের জেরা করেন।
এ সময় কারারুদ্ধ আসামী জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতী আ. হান্নানসহ ১৪ আসামীকে আদালতে হাজির করা হয়।
আট আসামি পলাতক রয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় গত ১১ জুন হত্যা ও বিস্ফোরণের পৃথক দু'টি মামলায় সিআইডি ২২ জনকে অভিযুক্ত করে পৃথক দু'টি অভিযোগপত্র দাখিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/টিআর/১৫৩৪ঘ.
bdnews24