ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বলে কথিত বিভিন্ন আমলে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপাশি জোট সরকারের সময় যেসব মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছিল তাও পুনরুজ্জীবিত করবে না তারা।
'রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত পর্যালোচনা কমিটি'র প্রথম বৈঠক শেষে মঙ্গলবার আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকের একথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল ১০টা থেকে দুঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আদালতের উপর নির্ভর না করে এ কমিটি কেন এসব মামলা প্রত্যাহরের সিদ্ধান্ত নিয়েছে- জানতে চাইলে শফিক আহমেদ বলেন, "নিম্ন আদালতে এমনিতেই লক্ষ লক্ষ মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো চলতে থাকলে মামলার জট আরো বাড়বে। এজন্য কমিটি মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।"
জোট সরকারের সময় যেসব মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছিল, সেসব মামলা নতুন করে পর্যালোচনা করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেসব মামলার বিষয়ে নতুন করে বিবেচনা করা হবে না।"
জোট আমলে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মামলাগুলো প্রত্যাহারের কড়া সমালোচনা করেছিল। মামলাগুলো দায়ের করেছিল পূর্বতন আওয়ামী লীগ সরকার।
আইনমন্ত্রী বলেন, "প্রতিটি জেলায় জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং পাবলিক প্রসিকিউটরকে নিয়ে চার সদস্যের একটি করে কমিটি গঠন করা হয়েছে। যেসব রাজনৈতিক নেতাকর্মী মনে করেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়েছে, তারা এ কমিটিতে মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন। মামলা প্রত্যাহার সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ৪৫ দিনের মধ্যে এ আবেদন করতে পারবেন তারা।"
তিনি আরো বলেন, "জেলা কমিটিগুলো আরো ৪৫ দিনের মধ্যে আবেদনগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ছয় সদস্যের অপর এক কমিটিতে পাঠাবে। এ কমিটি আবেদনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে।
আইন প্রতিমন্ত্রীকে সভাপতি করে ছয় সদস্যের এ কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানিজম আহমেদ, আইন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (আইন), আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ)।
আবেদন করার কতদিন পরে মামলাগুলো প্রত্যাহার করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, "এজন্য কোন নির্দিষ্ট সময়সীমা নেই।"
কোন সময়ের এবং কত হাজার মামলা প্রত্যাহার করা হবে- এ বিষয়ে শফিক আহমেদ বলেন, "যেকোন সরকারের সময়ে রাজনৈতিক হয়রানির উদ্দেশে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা যাবে। তবে এর সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।"
যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদেরকে রাষ্ট্র কোনো ক্ষতিপূরণ দেবে কি না- এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আইনমন্ত্রী বলেন, "এই বিষয়ে আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।"
নতুন সরকার এলেই পুরোনো সরকারের আমলে দায়ের করা মামলা প্রত্যাহারের 'রেওয়াজ' বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, "আমাদের সরকার আইনের শাসনে বিশ্বাস করে। আমি মনে করি, এ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে কোন মামলা হবেনা।"
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানিজম আহমেদসহ মন্ত্রণালয়ে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১২৫৪ ঘ.
bdnews24