২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন রাজশাহী বিভাগসহ বিভিন্ন উপজেলার নির্বাচিতরা

রাজশাহী বিভাগের ১২২টি উপজেলা, বৃহত্তর কুষ্টিয়ার ১৩টি এবং বান্দরবানের সাতটি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা সোমবার শপথ নিয়েছেন। সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনাররা তাদের শপথ করান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজশাহী বিভাগের ১২২টি উপজেলা, বৃহত্তর কুষ্টিয়ার ১৩টি এবং বান্দরবানের সাতটি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা সোমবার শপথ নিয়েছেন। সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনাররা তাদের শপথ করান। একই দিন ঢাকা বিভাগ ও চট্টগ্রামসহ আরও বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বিডিনিউজ ২৪ ডটকমের প্রতিনিধির পাঠানো সংবাদ- রাজশাহী: রাজশাহী বিভাগের ১৬ জেলার ১২২টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে তাদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞাঁ। এ বিভাগের ১২৪টি উপজেলার মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালির নির্বাচন স্থগিত হওয়ায় এ দু'টি ছাড়া বাকি ১২২টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ হয়। এদিন ৩৬৬ জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ নেন। শপথ অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ আলী নাসিম খলিলুজ্জামান ও অসিত কুমার মুকুট মনি, রাজশাহী রেঞ্জের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মোখলেসুর রহমান, মহানগর পুলিশ কমিশিনার মাহবুব মহসীন, জেলা প্রশাসক শেফাউল করিমসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া: বৃহত্তর কুষ্টিয়ার তিন জেলা কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার তের উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে বেলা ১১ টায় ১৩ উপজেলার ৩৯ জনের শপথ অনুষ্ঠন সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করান খুলনার বিভাগীয় কমিশনার ইউনুসূর রহমান। কুষ্টিয়ার জেলা প্রশাসক সরকার আবুল কালাম আজাদের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক এস এম রইচ উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অশোক কুমার দেবনাথ, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুভাষ চন্দ্র সাহা ও কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান। বান্দরবান: বান্দরবানের সাত উপজেলায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এম এ এন ছিদ্দিকী তাদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক মওদুদ একে কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার মো. শামসুদ্দিন প্রমুখ। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৭ ঘ.