ঢাকা ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- লালবাগে ইডেন কলেজের এক ছাত্রীকে তার বাসায় জবাই করে হত্যা করা হয়েছে।
নিহতের নাম পলি রানী হালদার (২৫)। তিনি তার মামার বাসায় থেকে ইডেন কলেজে বিএ (পাস) পড়তেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত ১০টার দিকে ফোনে খবর পেয়ে পুলিশ বাড়ির রান্নাঘরে পলির জবাই করা লাশ পায়। তার দুই হাতে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।"
তিনি জানান, পলি ইডেন কলেজে বিএ (পাস) পড়তেন। তার বাবার নাম পরিতোষ হালদার। গ্রামের বাড়ি পিরোজপুরে।
জিজ্ঞাসাবাদের জন্যে পলির মামা শৈলেন্দ্র ও মামাতো ভাই সুশান্তকে আটক করেছে পুলিশ।
শৈলেন্দ্র পাল একটি দৈনিক পত্রিকার হিসাব বিভাগে চাকরি করেন। লালবাগের এই বাসায় পলি তার মামা ও মামাতো ভাইয়ের সঙ্গে থাকতো।
শৈলেন্দ্র পুলিশকে জানান, রাত দশটার দিকে দরজা খুলে ঘরে ঢুকে তিনি পলির জবাই করা লাশ দেখতে পান। পরে খবর দিলে তার ছেলে আসে।
পুলিশ জানিয়েছে, একাধিক ব্যক্তি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। ঘাতকরা নিহতের পরিচিত বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/০১২০ঘ.
bdnews24