২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিএনপিকে সংসদে চায়: ফারুক খান

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, সরকার চায় বিএনপি সংসদে আসুক, দেশ ও সরকারকে সাহায্য করুক। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 06:34 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, সরকার চায় বিএনপি সংসদে আসুক, দেশ ও সরকারকে সাহায্য করুক। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, "সংসদে আসন পুনর্বিন্যাস নিয়ে বিএনপির সংসদ অধিবেশন বর্জনের বিষয়টা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন স্টিফেন ইভান্স।" মন্ত্রী বলেন, "সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউট এবং সংসদ বর্জনের বিষয়টি স্বাভাবিক ঘটনা। এ বিষয়ে বিএনপির সঙ্গে আমাদের আলোচনা চলছে। সমস্যা সমাধানের জন্য আমরা আলোচনা চালিয়ে যাব। আমরা চাই, বিএনপি সংসদে আসুক, দেশ ও সরকারকে সাহায্য করুক। এ বিষয়টি আমরা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেছি।" বৈঠকের বিষয়ে তিনি বলেন, "বিশ্বমন্দা কিভাবে আমরা মোকাবিলা করব যুক্তরাজ্যের রাষ্ট্রদূত তা জানতে চেয়েছেন। এমনকি এ বিষয়ে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা প্রদানের কথাও বলেছেন তিনি।" মন্ত্রী আরো বলেন, "বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কিভাবে ওই বাণিজ্য আরো বাড়ানো যায় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোড়দার করা যায় সে বিষয়েও কথা হয়েছে।" বৈঠক শেষে স্টিফেন ইভান্স সাংবাদিকদের বলেন, "দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ সম্পর্ক কিভাবে আরো শক্তিশালী করা যায় সে বিষয়েও কথা হয়েছে।" রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। যুক্তরাজ্যে প্রায় ৭শ' মিলিয়ন পাউন্ড মূল্যের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ আমদানি করে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ডের পণ্য। এক্ষেত্রে বালাদেশ যুক্তরাজ্যের তুলনায় অনেক এগিয়ে রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১২৩০ ঘ.