রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র শাশ্বত'র চিকিৎসায় সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন তার পরিবার ও বিভাগের শিক্ষকরা।
বিভাগের শিক্ষার্থীরা ১৪ লাখ টাকা সংগ্রহ করে চিকিৎসার জন্য তাকে ভারতের ভেলরে পাঠিয়েছিল। কিন্তু তার চিকিৎসা পুরোপুরি হয়নি। 'এ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস' নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
রোববার দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সংবাদ সম্মেলন করে তার চিকিৎসায় সহায়তার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে 'শাশ্বত চিকিৎসা সহায়তা কমিটি'র আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে বলা হয়, শাশ্বত বর্তমানে অনেক কষ্ট করে তার প্রথমবর্ষ চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে। তার দু'টো হিপ জয়েন্ট প্রতিস্থাপন করার কাজ এখনও সম্পন্ন হয়নি। পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন আরও প্রায় ১৫ লাখ টাকা।
বিশ্বে ১২ জন রোগি এ রোগে আক্রান্ত উল্লেখ করে শাশ্বতকে বাঁচাতে সাংবাদিকতা বিভাগ ও তার পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন করা হয়।
তার সাহায্যের জন্য আগামী মাসে রাবি ক্যাম্পাসে একটি কনসার্টের আয়োজন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে গণযোগাযোগ বিভাগের শিক্ষক শাতিল সিরাজ শুভ, শাশ্বত'র বাবা অরুণ সত্য ও মা বহ্নি শিখা সত্যসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাহায্য পাঠাবার ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪২৬০৪৯৮, অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রাজশাহী। অথবা সঞ্চয়ী হিসাব নম্বর ১৩৫-১০১-৩৩৭০৫, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ঝরিভঃ পড়ফব: উইইখ ইউ উঐ ১০০. মোবাইল: ০১৭১২-০৬১৮০৪ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24