২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব আহত

বাগেরহাট-খুলনা মহাসড়কের পাইকপাড়া নামক স্থানে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ আলম। তিনি ঘাড়, পিঠ, কোমর, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা ও বিশ্রাম শেষে বিকালে বিমানে করে তিনি ঢাকায় ফিরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

বাগেরহাট, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট-খুলনা মহাসড়কের পাইকপাড়া নামক স্থানে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ আলম। তিনি ঘাড়, পিঠ, কোমর, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা ও বিশ্রাম শেষে বিকালে বিমানে করে তিনি ঢাকায় ফিরে গেছেন। দুর্ঘটনায় তার দেহরী এবং গাড়ি চালকও আহত হয়েছেন। ঢাকা থেকে বাগেরহাট আসার পথে একটি শিশুকে বাঁচাতে গিয়ে সচিবকে বহনকারী পাজেরো জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সফর কর্মসূচিতে অংশ নিতে তিনি ঢাকা থেকে সড়ক পথে বাগেরহাট আসছিলেন। অপর আহতরা হলেন- তার দেহরী পুলিশ কনস্টেবল সাদ আহমেদ (৩২) এবং গাড়িচালক অঞ্জন (৩৩)। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, শুক্রবার দুপুর ২টার দিকে সচিবকে বহনকারী পাজেরো জিপ (কক্সবাজার-ঘ-১১-০০১০) বাগেরহাট-খুলনা মহাসড়কের পাইকপাড়া নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এবং রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। রাস্তার পর হওয়ার সময় রুকাইয়া খানম (১০) নামে একটি শিশুকে বাঁচাতে গিয়ে সচিবের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। কিন্তু দুর্ঘটনায় শিশুটিও আহত হয়। আহত রুকাইয়া বড় পাইকপাড়া গ্রামের বাবুল শেখের মেয়ে। এলাকাবাসী আহত অবস্থায় শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সচিব ও তার সফর সঙ্গীদের রূপসা সী ফুড অ্যাণ্ড এলাইড কোম্পানি লিমিটেড নামের স্থানীয় একটি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানায় নিয়ে যায়। বাগেরহাটের জেলা প্রশাসক অপরূপ চৌধুরী, বাগেরহাটের সিভিল সার্জন ডা. আজমল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। বাগেরহাটের সিভিল সার্জন আজমল হোসেন জানান, সচিব ঘাড়, পিঠ, কোমর, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। তার দেহরীর বুকে এবং গাড়ি চালকের কোমরে আঘাত লেগেছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.