সুমন মাহমুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ফাল্গুনের পয়লা দিন শুক্রবার রাজধানী সেজেছিল ভিন্ন মাত্রায়। প্রতিবারের মতোই এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা আর টিএসসি চত্বর, বাংলা একাডেমী বই মেলা আর চারুকলা ইন্সটিটিউটের বকুলতলায় তরুণ-তরুণীদের পোষাকে হলুদের ছড়াছড়ি প্রতিমূহুর্তেই যেন বসন্তের কথাই স্মরণ করিয়ে দিচ্ছিল।
বসন্ত উৎসবের আবহ একুশের বইমেলা আজ শুধু বইয়ের মেলা থাকেনি, হয়ে উঠেছে বাসন্তী মেলায়।
"বসন্ত বাতাসে সইগো... বসন্ত বাতাসে/বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে"- ভাসতে থাকা সুর যেন বলছিল বসন্ত কেবল বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মনকেই রাঙিয়ে দিয়ে যায়নি, বইমেলা আর আশেপাশে ভিড় জমানো সবার মনও ছুঁয়েছে সে।
রমনা পার্ক ও সোহরাওয়ার্দি উদ্যানের ফুল বাগানে মাতাল হাওয়ার পাশাপাশি নতুন মুকুলের আভাস আর প্রজাপতির ডানায় হরেক রঙের খেলা নজর কেড়েছে সমঝদারের। 'চোখ গেলো' আর কোকিলের কুহুতানও নিশ্চয়ই তাদের কানে গেছে সকল কোলাহল ছাপিয়ে।
বসন্ত শুধু তরুণকেই মাতায়নি। আনন্দে ভেসেছেন সব বয়সের মানুষই। অনেকে এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে ঋতুরাজকে স্বাগত জানাতে। সেই দলে ছিল শিশু আর প্রবীণরাও।
ফাগুন কেবল বনে বনেই লাগেনি অবশ্য, কর্তব্যের দায়ে ছুটি মেলেনি যাদের কাজের জায়গায় তাদের অনেককেই দেখা যায় ফাগুনের সাজে।
জাতীয় বসন্ত উদযাপন পরিষদের আয়োজনে চারুকলার বকুলতলায় বাসন্তী উৎসবে শীতের পিঠা থেকে শুরু করে নানা কিছুর পসরা বসে। সকাল সাড়ে ছয়টা থেকে বাসন্তী উৎসব চলে রাত আটটা পর্যন্ত।
চারুকলার শিার্থীরা তুলি আঁচড়ে রাঙিয়ে দেন শিশুদের গাল। এর সঙ্গে বকুলতলায় চলেছে বসন্তের গানের আসর। প্রায় সব কিশোরী ও তরুণী হলুদ শাড়ির সাথে গাঁদা ফুল গুঁজেছে খোঁপায়।
সকাল ১১টা থেকে বই মেলায় ভিড় কেবল বেড়েছে। নানা বয়েসী মানুষের ঢল। বইমেলাতেও শুক্রবার বিকালে প্রচণ্ড ভিড় হবে ভেবে অনেকে সকালেই যান।
বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র ইরফান জাকারিয়া ও ছাত্রী তিষুয়া নাশতারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, শুক্রবারই তারা প্রথম মেলায় এসেছেন। আগেই পরিকল্পনা ছিল, বসন্তের পয়লা দিনই মেলায় আসবেন।
ইরফান আর নাশতারার মতো বেনু, শাকিল, সাজ্জাদ, শেফালী, বাসন্তীদেরও বসন্তের প্রথম দিনে মেলায় আসা। তারাও অপোয় ছিলেন এ দিনটির।
বসন্ত উৎসবের কল্যাণে মেলায় ভিড় বাড়ার পাশাপাশি বিক্রিও হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকরাও।
ধানমণ্ডির রবীন্দ্র সরোবরেও বসন্তের আয়োজন ছিল বিকালে। এতে ছিল বসন্তের নাচ, গান আর আবৃত্তি।
রাজধানীর অদূরেই আরেক বড় শিায়তন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও উদযাপন করেছে বসন্তের অভিষেক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ দপ্তর এ খবর জানিয়ে বলেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান সকালে পুরনো কলাভবন চত্বরে উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপাচার্য অংশগ্রহণ করেন। শহীদ মিনার সংলগ্ন মহুয়া চত্বরে এসে শোভাযাত্রা শেষ হয়।
এখানে 'আজি এ বসন্তে' অনুষ্ঠানে গান পরিবেশন এবং কবিতা পাঠ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জিএনএ/এসকে/২০৩১ঘ.
bdnews24