২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"বাংলাদেশের ১৯টি ব্লক নিজেদের সীমায় দেখাচ্ছে ভারত ও মিয়ানমার"

ভারত এবং মিয়ানমারের দেখানো তাদের সমুদ্রসীমার মানচিত্রে বাংলাদেশের গভীর সমুদ্রের ২৮টি খনিজ অনুসন্ধান ব্লকের মধ্যে ১৯টি পড়েছে। নৌবাহিনীর এক কর্মকর্তা বৃহস্পতিবার 'সমুদ্রে নিরাপত্তা' শীর্ষক এক আলোচনা সভায় একথা উল্লেখ করে এ ব্যাপারে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে অবিলম্বে 'কন্টিনেন্টাল শেলফ' সংক্রান্ত জাতিসংঘ সংস্থায় প্রতিবাদ জানানো উচিত বলে মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারত এবং মিয়ানমারের দেখানো তাদের সমুদ্রসীমার মানচিত্রে বাংলাদেশের গভীর সমুদ্রের ২৮টি খনিজ অনুসন্ধান ব্লকের মধ্যে ১৯টি পড়েছে। নৌবাহিনীর এক কর্মকর্তা বৃহস্পতিবার 'সমুদ্রে নিরাপত্তা' শীর্ষক এক আলোচনা সভায় একথা উল্লেখ করে এ ব্যাপারে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে অবিলম্বে 'কন্টিনেন্টাল শেলফ' সংক্রান্ত জাতিসংঘ সংস্থায় প্রতিবাদ জানানো উচিত বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) আয়োজিত ওই আলোচনা সভায় কমোডর খোরশেদ আলম এ মন্তব্য করেন । অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, সরকার ২০১১ সালের জুনের মধ্যে বঙ্গোপসাগরের কন্টিনেন্টাল শেলফের ব্যাপারে বাংলাদেশের দাবি তুলে ধরবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রসীমা চিহ্নিত করার বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনায় বাংলাদেশের স্বার্থ রক্ষায় সম্ভাব্য সবকিছু করবে বলে দীপু মনি আশ্বাস দেন। কমোডর খোরশেদ আলম বলেন, "ভারত গভীর সমুদ্রে বাংলাদেশের ২৮টি ব্লকের মধ্যে তার কন্টিনেন্টাল শেলফের ১০টি ব্লক নিজেদের বলে দাবি করেছে। এরপর মিয়ানমার সংশ্লিষ্ট জাতিসংঘ সংস্থায় কন্টিনেন্টাল শেলফ বিষয়ে তাদের দাবি উত্থাপন করে বাংলাদেশের ৯টি ব্লক নিজেদের বলে দাবি করেছে।" আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "২০১১ সালের নির্ধারিত সময়সীমার অনেক আগেই জাতিসংঘে বাংলাদেশের দাবি পেশ এবং অন্য দেশের অন্যায় দাবি খণ্ডন করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।" বাংলাদেশের দাবি ১৯৮২ সালে প্রণীত সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের ভিত্তিতে হবে বলে দীপু মনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/এসকে/২২৩৪ঘ.