নরসিংদী, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেরাম খেলা নিয়ে নরসিংদী সদর উপজেলার চর এলাকা নজরপুর গ্রামে বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এ সময় কমপক্ষে ৫০ বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে গ্রামের আওয়ামী লীগ সমর্থক শরীফ ও মনিরের সঙ্গে কেরাম খেলাকে কেন্দ্র করে বিএনপি সমর্থক জালালের হাতাহাতি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় দুপক্ষই একে অপরের বাড়ি-ঘরে হামলা চালায়। ভাঙচুর করা হয় ৩০ থেকে ৩৫ বাড়ি-ঘর। বৃহস্পতিবার সকালে দুপক্ষ আবারও পরস্পরের বাড়ি-ঘরে হামলা চালায়। এতে আরও অন্ত ২০টি বাড়ি-ঘর ভাঙচুর হয়।
ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরের মধ্যে আছে- জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল হক স্বপনের বাড়ি, হোসেন আলী, ফজলুল কবির, হাবি মিয়া, শুক্কুর আলী, ফিরোজ মিয়া, মতলব, সায়েদ মিয়া, ফর্সা বেগম, বাছেদ, নওশের আলী, খসরু মিয়া, সোবহান মিয়া, গফুর মিয়া, হোসেন আলী আজাদ, লস্কর আলী, সাদ্দাম খানের বাড়ি।
এ সময় প্রতিপক্ষ টিভি, ফ্রিজসহ ব্যাপক ভাঙচুর করে বলে তারা দাবি করেন।
হামলা-ভাঙচুরের সময় উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হন। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক সাদ্দাম হোসেন (১৭), খোকন (২০), ফিরোজ (৫৫), লোকসান আওলাদ (২২), আলাউদ্দিন বিল্লাল (৩৩), মান্নান (৪২), মোমেনা (৩৫), হোসেন আলী আজাদ (৪০) এবং বিএনপি সমর্থক মোস্তফা (৩৫) ও আলম মিয়াকে (৫০) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মো. জমিস উদ্দিন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম থানায় একটি মামলা করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24