২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দেশের ১৮তম রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের বিদয়ী অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 09:48 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম) - নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দেশের ১৮তম রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের বিদয়ী অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন জিল্লুর রহমান। নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার আগের দিন বুধবার সকালে সেনাকুঞ্জে বিদায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের উপনেতা জিল্লুর রহমানকে মনোনয়ন দেয়া হয়। রাষ্ট্রপতি পদে আর কোন প্রার্থী না থাকায় প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন বুধবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জিল্লুর রহমানকে জয়ী ঘোষণা করে। এর আগে সকালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। একে একে যান নৌ, বিমান ও সেনা সদরদপ্তরে। বিমান বাহিনী সদরদপ্তরে পৌঁছালে বাহিনী প্রধান এয়ার ভাইস-মার্শাল এস এম জিয়াউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নৌ-সদরদপ্তরে তিনি রিয়াল অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ও সেনা সদরে জেনারেল মইন উ আহমেদের সঙ্গে বৈঠক করেন। বিদায়ী অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রপতি তিন বাহিনীর সদরদপ্তরে যান। এই তিন সদরদপ্তরেই সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতিকে সেনাকুঞ্জে সম্মিলিত বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতি অভিবাদন গ্রহণ করেন। উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা। রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরে কর্মকর্তা-কর্মচারিদের এক বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে রাষ্ট্রপতির সচিব মো. সিরাজুল ইসলাম, সামরিক সচিব মেজর জেনারেল মো. রুহুল আমিন, প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অধ্যাপক ইয়াজউদ্দিন দেশের ১৮তম রাষ্ট্রপতি হিসেবে ২০০২ সালের ৬ সেপ্টেম্বর শপথ নেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের ক্ষমতা গ্রহণের পর সংসদের উপনেতা ও পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরীকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। কিন্তু মতপার্থক্যের কারণে বিএনপির চাপের মুখে অধ্যাপক বি. চৌধুরী ২০০২ সালের ২১ জুন পদত্যাগ করেন। এরপর স্পিকার জমিরউদ্দিন সরকার ২০০২ সালের ২১ জুন থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৬০২ঘ.