ঢাকা, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)- অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে শনিবার। মেলার এই শেষ দিনে লোক-সমাগম হয়েছে ব্যাপক। বিডিআর সদর দপ্তরে সহিংসতার কারণে দু'দিন লোকজনের পদচারণা সেভাবে না পড়লেও শুক্রবার বিকেল থেকে ভিড় বাড়তে থাকে আবারো। (সংশোধনীসহ)
গোলযোগের কারণে দু'দিন বেচাকেনা ভালো না হওয়ায় অনেক প্রকাশক মেলার মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে বাংলা একাডেমী কর্তৃপক্ষ তা মানেনি।
এ ব্যাপারে একাডেমীর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোর্শেদ আনোয়ার বলেন, "বইমেলা ২৮ তারিখেই শেষ হবে। মেয়াদ আর বাড়ানো হবে না।"
দু'দিনের মন্দাভাবের পর বেচা-কেনা সম্পর্কে জানতে চাইলে অবসর প্রকাশনীর বিক্রেতা মাসুদ বলেন, "বিক্রি আজ ভালোই হয়েছে। তবে গত বছরের তুলনায় কম। শেষের দিকে বিক্রি ভালো হয়। কিন্তু গত দু'দিনে মেলা স্বাভাবিক ছন্দে চলতে পারেনি।"
তিনি আরো বলেন, "শুক্রবার সকাল ১১টা থেকে শিশুপ্রহর ছিল। তবে বলতে গেলে শিশুদের নিয়ে অভিভাবকরা মেলায় আসেননি।"
এদিকে শুক্রবার ছিল বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হবার দিন। ২০০৪ সালের এদিন বইমেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলা চালানো হয়। এর কিছুদিন পর জার্মানিতে তিনি মারা যান।
হুমায়ুন আজাদের ওপর হামলাস্থলে বাংলাদেশ ছাত্র মৈত্রী মোমবাতি প্রজ্বলন করে। পুস্পস্তবকও অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
হুমায়ুন আজাদ স্মরণে এখনো কোনো স্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি না করায় সংগঠনের নেতৃবৃন্দ তার সমালোচনা করেন। তারা এ হত্যাকাণ্ডের তদন্ত এবং দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তিও দাবি করেন।
এছাড়াও কবি, লেখক, সাহিত্যিকদের পক্ষ থেকে মেলায় তথ্য কেন্দ্রের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/জেএফ/এএম/টিআর/১৬৫০ ঘ.
bdnews24