২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৃশংস কর্মকাণ্ডে জড়িত বিডিআর সদস্যদের ক্ষমা করা হবে না: লে. জে. মুবীন

সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ধৈর্য্য ধরে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। তিনি বলেন, বিডিআর-এর যেসব সদস্য বর্বর ও নৃশংস কর্মকাণ্ডে জড়িত তাদের ক্ষমা করা হবে না। অবশ্যই কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 06:52 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম) - সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ধৈর্য্য ধরে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। তিনি বলেন, বিডিআর-এর যেসব সদস্য বর্বর ও নৃশংস কর্মকাণ্ডে জড়িত তাদের ক্ষমা করা হবে না। অবশ্যই কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শুক্রবার রাতে সেনাবাহিনী প্রধান মঈন উ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে যাওয়ার ঘণ্টাখানেক পর এক লিখিত বিবৃতিতে লে. জেনারেল মুবীন এই আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সেনা প্রধান রাত ১১টার দিকে বেরিয়ে যান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কিছু বিষয় সবার জন্য স্পষ্ট করে তুলতে চাচ্ছেন। তিনি আরো বলেন, "দেশের এই সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে তাদের পারস্পরিক অনুভূতি ও ভাবাবেগের প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমার অর্থ এই নয় যে, যারা হত্যা, বিদ্রোহ, অগ্নিকাণ্ড ও অন্যান্য জঘন্য কর্মকাণ্ডে অংশ নিয়েছে তাদের ক্ষমা করা হবে। বিডিআর-এর যেসব সদস্য বর্বর ও নৃশংস কর্মকাণ্ডে জড়িত তাদের ক্ষমা করা হবে না। তাদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, "সরকার অবশ্যই কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এছাড়া ঘটনা খতিয়ে দেখার জন্য গঠিত তদন্ত কমিটিতে সেনাবাহিনীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।" বিডিআর-এর বিপথগামী সদস্যদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের প্ররোচনা ও অপপ্রচারের মাধ্যমে দেশ ও দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে বিনষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, "সেনা বাহিনীর সদস্যদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাদের পরিবারের সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে।" তিনি বলেন, গত দু'দিনের ঘটনায় বিডিআর-এর চেইন অব কমান্ড সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এতে এই বাহিনী তথা দেশের নিরাপত্তা অত্যন্ত ঝুঁকির মুখে পড়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই চেইন অব কমাণ্ড পুনর্বহাল করা অপরিহার্য। ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেনকে বিডিআর-এর মহাপরিচালক নিয়োগ করার কথা উল্লেখ করে তিনি বলেন, "তার নেতৃত্বে পর্যায়ক্রমে পুরো বাহিনীর কমান্ড কাঠামো আবারো গড়ে উঠবে বলে আমি আশা প্রকাশ করছি।" তিনি বলেন, "নিহত কর্মকর্তাদের বিদেহী আত্মার প্রতি সম্মানের নিদর্শনস্বরূপ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। দেশ ও জাতির নিরাপত্তা ও সামগ্রিক শান্তির জন্য এটি একান্ত অপরিহার্য। জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।" বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/জিএমএ/ডিডি/টিআর/০০৪৬ ঘ.