ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ট্র্যানজিট নিয়ে ভারতীয় হাই কমিশনারের কথিত 'কটাক্ষমূলক' বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলাকালে এক সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এই তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে রাত সোয়া দশটায় এ বৈঠক শেষ হয়। বৈঠক শেষে আর কোনো ব্রিফিং হয়নি।
১২ ফেব্র"য়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বৈঠক মূলতবি করা হয়েছে।
বৈঠক চলাকালে এক ফাঁকে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান বলেন, ভারতীয় হাই কমিশনারের 'কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত' বক্তব্য, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে স্থায়ী কমিটি বৈঠকে আলোচনা চলছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "ট্র্যানজিট নিয়ে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের বিরোধিতা প্রসঙ্গে ৮ ফেব্র"য়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, 'এ সব আল-ফাল কথার কোন মানে হয় না'।"
বিএনপি নেতা মন্তব্য করেন, "এ ধরনের কথা বলে ভারতীয় হাই কমিশনার প্রচলিত কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন। সরকার এই ব্যাপারে এখনো কোন ব্যবস্থা নেয়নি। আমরা আশা করবো সরকারের পররাষ্ট্র দপ্তর নির্ভয়ে তার দায়িত্ব পালন করবে।"
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে সাক্ষাতের পর পিনাক রঞ্জন বিরোধীদলের আশঙ্কাকে অমূলক আখ্যা দিয়ে বলেছিলেন, "আমরা যখন কোনো কিছু করতে চাইনা তখন আমি আল-ফাল বকি,কিংবা উল্টোপাল্টা বলে অনেক কিছু বাধা দেওয়ার চেষ্টা করি।"
বৈঠকে এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, ব্যারিস্টার ওয়াদুদ আহমেদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, 'আওয়ামী সন্ত্রাসীরা' সিরাজগঞ্জের ভাঙ্গাবাড়ি ইউনিয়নের যুবদলের সভাপতি শহিদুল ইসলামের একটি কান কেটে ফেলেছে। মিডিয়াকে তা দেখানোর জন্য শহিদুল ইসলামকে কানে ব্যান্ডেজ পড়া অবস্থায় ব্রিফিংয়ে হাজিরও করা হয়।
শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ৫ ফেব্র"য়ারি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার কানটি পুরোপুরি কেটে ফেলে।
এছাড়া দপ্তর সম্পাদক রিজভী আহমেদ অভিযোগ করেন, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা এস এম খালিদ আওয়ামী লীগের কর্মীদের হাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংবাদ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান ও তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/এএইচ/এসকে/২৩১৩ঘ.
bdnews24