২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরে বাংলা মেডিকেল কলেজের সাবেক পরিচালক কারাগারে

দুর্নীতির অভিযোগে বরিশাল শেরে বাংলা চিকিৎসা কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জওহর উদ্দিন আহম্মেদকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

বরিশাল, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির অভিযোগে বরিশাল শেরে বাংলা চিকিৎসা কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জওহর উদ্দিন আহম্মেদকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার জওহর উদ্দিন বরিশালের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানান। কিন্তু জজ মো. শহীদুল্লাহ জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ২০০৭ সালে হাসপাতালের পরিচালকের চলতি দায়িত্বে থাকা ডা. সুভাষ চন্দ্র দাস বাদী হয়ে এ মামলাটি করেন। বরিশাল দুদকের সহকারী পরিচালক রাম মোহন নাথ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, দুর্নীতির মাধ্যমে জওহর উদ্দিন আহম্মেদসহ হাসপাতালের সাবেক তিন পরিচালক হাসপাতালের মোটিভেটর মশিউল আলম মল্লিককে অবৈধভাবে কয়েক দফায় পদোন্নতি দিয়ে স্টুয়ার্ড পদে উন্নীত করেন। এর মাধ্যমে সরকারের ৩০ লাখ টাকা আত্মসাত করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার অপর আসামিরা হলেন- সাবেক পরিচালক এবিএম মফিজুর রহমান, সাবেক পরিচালক ডা. আহম্মেদ কবির ও হাসপাতালের স্টুয়ার্ট মশিউল আলম মল্লিক। এদের মধ্যে মশিউল আলম মল্লিক জামিনে, এবিএম মফিজুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং ডা. আহম্মেদ কবির পলাতক আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৬ ঘ.