২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তি বাস্তবায়নে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ হচ্ছে

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে অচিরেই পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে অচিরেই পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করার পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রণালয়ের সচিব জামিল ওসমান ও হাইকমিশনের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ১৯৯৮ সালে পার্বত্য শান্তিচুক্তি সইয়ের পর তৎকালীন সরকার আড়াই বছরে চুক্তির কিছু বিষয় বাস্তবায়নের উদ্যোগ নেয় বলে হাইকমিশনারকে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, এর মধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে আর বাকি কাজ চারদলীয় জোট সরকার বন্ধ রাখে। প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বিগত চারদলীয় জোট সরকারের মেয়াদের শেষ দিকে শান্তিচুক্তি বাস্তবায়নে একটি উপ-কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির কয়েকটি সভা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে এ সরকারকে নতুন করে চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিতে হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, কানাডার হাইকমিশনার তার কাছে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া ও এর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তাকে সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে। চুক্তি বাস্তবায়নে কানাডার সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৯৩৪ঘ.