জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হল অবৈধ দখল থেকে উদ্ধার করতে মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সচিবালয়ে দুপুর ১২টায় অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র, আইন ও শিক্ষা সচিবসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ক্যাম্পাসে ফিরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আশাকরি হলগুলো খুব দ্রুতই উদ্ধার হবে।"
তিনি বলেন, "সচিবদের কাছ থেকে আমি এমন আশ্বাস পেয়েছি। এর বেশি কিছু বলতে পারব না।"
শিক্ষার্থীদের মানববন্ধন
ওদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল উদ্ধারসহ তাদের ৮ দফা দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে।
দুপুর ১২টার দিকে হল উদ্ধার ও ছাত্র অধিকার রক্ষা কমিটির ব্যানারে প্রায় ৫০০ শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সামনে বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে মুখে কালো কাপড় বেঁধে এ মানববন্ধন করে।
এ সময় আন্দোলন কমিটির আহবায়ক বকুল মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা একপাও পিছু হটবো না।"
আগামী ১২ ফেব্র"য়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৪২৪ ঘ.
bdnews24