ঢাকা, ০৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নারীদের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে তাদের সহজ শর্তে এবং কম সুদে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালহউদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীর মীরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীতে দিনব্যাপী 'এসএমই খাতে নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে ব্যাংকারদের ভূমিকা'-শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করলে দেখা যাবে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিতরণ করা ঋণ খেলাপি হয়নি বললেই চলে। এ খাতের ঋণ খুব কার্যকরভাবে ব্যবহত হয় এবং ঋণ পরিশোধের হারও ভালো। অথচ বড় বড় ঋণগ্রহীতাদের অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আর শোধ করে না।"
দেশের অর্থনীতিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন গভর্নর।
নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে তিনি বলেন, "নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। তাদের জন্য অর্থনৈতিক সুবিধা উন্মুক্ত করে দিতে হবে। তারা যাতে সহজ শর্তে ও কম সুদে ঋণ পান সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে এনজিও ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য সেলিমা আহমেদও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২০৯ঘ.
bdnews24