২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনজীবনে স্বস্তি নির্ভর করে আধুনিক ভূমি ব্যবস্থাপনার ওপর: ভূমিমন্ত্রী

দেশের অব্যাহত শান্তি-শৃঙ্খলা ও জনজীবনের স্বস্তি বহুলাংশে সুষ্ঠু, যুগোপযোগী ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

সাভার, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের অব্যাহত শান্তি-শৃঙ্খলা ও জনজীবনের স্বস্তি বহুলাংশে সুষ্ঠু, যুগোপযোগী ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। প্রতিটি নাগরিকই কোনো না কোনোভাবে ভূমির সঙ্গে জড়িত- এ কথা উল্লেখ করে তিনি বলেন, "যার জমি আছে, তাকেই জমির মালিকানা, দখল, হস্তান্তরসহ নানাবিধ প্রয়োজনে ভূমি প্রশাসনের দ্বারস্থ হতে হয়। দেওয়ানী ও ফৌজদারী আদালতের অধিকাংশ মোকদ্দমাই জমি সংক্রান্ত।" সোমবার বিকেলে সাভার ডেইরি ফার্ম স্কুল মাঠে বিসিএস ক্যাডার ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের দু'মাসব্যাপী সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ভূমি রেকর্ড, জরিপ, ব্যবস্থাপনা বিভাগকে যুগোপযোগী এবং আধুনিকায়ন করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, "ডিজিটাল জরিপ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্যই সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।" ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকার বিভাগীয় কশিশনার ড. খন্দকার শওকত হোসেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সাচিব মোহাম্মদ আলী, পরিচালক (রেকর্ড) চন্দ্রনাথ বসাক, পরিচালক (প্রশাসন) মনোয়ার হোসেন, জেলা প্রশাসক জিল্লার রহমান প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সাতজন সহকারী জজ, ১৩ জন সহকারী পুলিশ সুপার এবং ২০ জন সহকারী কমিশনার অংশ নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৩ ঘ.