ঢাকা, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দল জিল্লুর রহমানকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ঘোষণার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ।
মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধান রিটার্নিং কর্মকর্তা (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, "আমরা এখন আনুষ্ঠানিকভাবে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণার অপেক্ষায় রয়েছি। আশা করছি, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশ আরো গতিশীল হবে এবং শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে।"
রাষ্ট্রপতি পদে জিল্লুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।
এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, "আশা করছি, প্রধান বিরোধী দল বিএনপি আজ (সোমবার) সংসদে যোগদান করে কার্যকর ভূমিকা রাখবে।"
রোববার জিল্লুর রহমানের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন সংসদের চিফ হুইপ আবদুস শহীদ।
২৯ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। সেই অনুযায়ী, ৯ ফেব্র"য়ারি বাছাই এবং নির্বাচনের তারিখ ১৬ ফেব্র"য়ারি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৮ মেয়াদে ১৫ জন রাষ্ট্রপতি হয়েছেন। নবম সংসদে নির্বাচিত রাষ্ট্রপতি হবেন দেশের ১৯তম রাষ্ট্রপতি (১৬ তম ব্যক্তি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৪১৭ ঘ.
bdnews24