ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে রোববার সকালে চালককে গুলি করে সন্ত্রাসীরা ট্রাফিক পুলিশের রিকুইজিশন করা একটি মাইক্রোবাস ছিনতাই করেছে।
গুলিবিদ্ধ গাড়িচালক তৈয়ব আলীকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে মগবাজার রেল ক্রসিংয়ের কাছে ৩/৪ জন সন্ত্রাসী একটি মাইক্রোবাসের গতিরোধ করে। এরপর সন্ত্রাসীরা চালকের হাতে গুলি করে গাড়িটি (ঢাকা মেট্রো-চ-৫৩-০৭৯৮) নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দৌলত আকবর জানান, ছিনতাই করা গাড়িটি ট্রাফিক পুলিশের রিকুইজিশন করা বলে তিনি শুনেছেন। মাইক্রোবাসটি উদ্ধারের জন্য অভিযান চলছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২৩২৬ঘ.
bdnews24