মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের নগর ডুপসা গ্রামে রোববার বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ স্থানীয়দের সহায়তায় শফিকুল ইসলাম, ডালিম বেপারী এবং আহত মিজানুর রহমান পাখিকে গ্রেপ্তার করেছে। আহত অবস্থায় আরও দুজন পালিয়ে গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির আলামত উদ্ধার করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আব্দুল্লাহ জানান, বিকেলের দিকে ডুপসা গ্রামের অলি মাস্টারের বাড়িতে পাঁচ যুবক বোমা বানানোর সময় বিষ্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হয়। এদের মধ্যে রক্তাক্ত অবস্থায় দু'জন পালিয়ে যায়। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় আহত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24