রাজশাহী, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিটি জেলায় খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জেনারেল মইন উ আহমেদ।
তিনি বলেন, "প্রতি বছর পাঁচটি জেলায় বিভিন্ন খেলা আয়োজন করা হবে। যে জেলা ক্রীড়া সংস্থা ভাল খেলোয়াড় তৈরি করতে পারবে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হবে।"
রোববার বিকেলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে বিভাগের ১৬ জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সেনাপ্রধান এ কথা বলেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল মইন বলেন, "খেলাধুলার প্রকৃত উন্নয়নের জন্য সকলের সদিচ্ছাই যথেষ্ট। সুস্থ্য ও সুন্দর জীবন গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। দক্ষ খেলোয়াড় তৈরির জন্য গ্রাম এবং প্রাথমিক বিদ্যালয় থেকে খেলাধুলা আরম্ভ করতে হবে।"
তিনি বলেন, "খেলাধূলার উন্নয়নের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত দশ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। খেলাধূলার উন্নয়নে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলেই হবে না স্থানীয় ব্যবসায়ীসহ বিত্তবানদের অর্থ সহযোগিতায় আগ্রহী করে তুলতে হবে।"
নতুন করে উদ্যোগ নিলে হারিয়ে যাওয়া খেলাধুলাগুলোও আবার চালু করা সম্ভব বলে তিনি মনে করেন।
রাজশাহীতে আন্তর্জাতিক টুর্নাামেন্ট অনুষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান সেনাপ্রধান।
রাজশাহী জেলা প্রশাসক শেফাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞাঁ, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলুসহ বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকরা।
সভায় বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সেনাপ্রধানকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এর আগে জেনারেল মইনকে স্থানীয় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24