ঢাকা, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাংসদ ও সংসদের উপনেতা জিল্লুর রহমানের পক্ষে রোববার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দুপুর সাড়ে ১২টায় প্রধান রিটার্নিং অফিসারের (সিইসি) কাছে মনোনয়পত্র জমা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের তিনি জানান।
তিনি বলেন, "আমরা আশা করি, সবার সম্মতিক্রমে আগামী ১৬ ফেব্র"য়ারি নির্বাচনে জিল্লুর রহমান নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।"
রোববার পর্যন্ত জিল্লুর রহমান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা না দিলে তিনিই রাষ্ট্রপতি হবেন।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতির এই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী এবং সমর্থক হিসেবে রয়েছেন সংসদের চিফ হুইপ আবদুস শহীদ।"
৩১ জানুয়ারি জিল্লুর রহমানের হয়ে মনোনয়নপত্র তোলেন চিফ হুইপ আবদুস শহীদ।
এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার পর্যন্ত সংসদের উপনেতা জিল্লুর রহমান ছাড়া অন্য কারো পক্ষে মনোনয়নপত্র তোলা হয়নি।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা না দিলে আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতার রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্র"য়ারি বিকেলের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে।
২৯ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। সেই অনুযায়ী, ৯ ফেব্র"য়ারি বাছাই এবং নির্বাচনের তারিখ ১৬ ফেব্র"য়ারি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৮ মেয়াদে ১৫ জন রাষ্ট্রপতি হয়েছেন। নবম সংসদে নির্বাচিত রাষ্ট্রপতি হবেন দেশের ১৯তম রাষ্ট্রপতি (১৬ তম ব্যক্তি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এজে/জিএনএ/১৪৪৫ ঘ.
bdnews24