ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- কর দাতা ও আহরণকারীদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
তিনি বলেন, "স্বপ্রণোদিত হয়ে কর দিয়ে স্বনির্ভর অর্থনীতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।"
করদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
সভায় ২১জন ব্যবসায়ী করদাতা হিসেবে তালিকাভুক্ত হন।
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের ধর্মঘটের ফলে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আখাউড়া স্থলবন্দরে পাথরবাহী ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তারের ঘটনায় বন্দরের ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেয়।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল হাই।
সভায় আরও বক্তব্য রাখেন- চট্রগ্রাম বিভাগের কর কমিশনার মো. ফিরোজ শাহ আলম, কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক, পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আরজু, অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24