কক্সবাজার, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অতিরিক্ত দামেও কক্সবাজারে মাধ্যমিকের বই মিলছে না। বই ব্যবসায়ীরা বলছেন- তারা ঢাকায় গিয়ে বই পাচ্ছেন না। যা পাওয়া যাচ্ছে তারও দাম বেশি। বেশি দাম দিয়ে কিনে বই বিক্রি করতে গিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের ঝগড়াঝাটি হচ্ছে। বই নিয়ে হয়রানি বন্ধসহ তিনদফা দাবিতে তারা ধর্মঘটও করেছেন।
শিক্ষাবর্ষ শুরু হয়ে এক মাস পার হলেও শিক্ষার্থীরা বই ছাড়াই বিদ্যালয়ে যাচ্ছে। বইয়ের অভাবে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বক্শের মতে, "জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) কিছু ফাঁক ও জটিলতার কারণে পুরো দেশে পাঠ্য বইয়ের সংকট সৃষ্টি হয়েছে।"
বোর্ড কর্মকর্তাদের আন্তরিকতা থাকলে সংকট সৃষ্টি হতো না বলে মনে করেন তিনি।
মোহাম্মদ বক্শ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্ধারিত সময়ে বই বাজারে না আসায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।"
অভিভাবক আনসারুল করিম বলেন, "শিক্ষবর্ষ শুরু হয়ে গেলেও পাঠ্য বইয়ের অভাবে লেখাপড়া করতে পারছে না শিক্ষার্থীরা। বেশি দাম দিয়েও বই মিলছে না দোকানে। যাও বা পাওয়া যাচ্ছে তাতেও মারাত্মক ভুলে ভরা। এতে আমাদের সন্তানরা লেখাপড়ায় অনেকটাই পিছিয়ে পড়ছে।"
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক জানান, "পুরো জেলায় শিক্ষাবর্ষের শুরুতে মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর জন্য অন্তত ৮০ হাজার বইয়ের চাহিদা রয়েছে। অথচ এখন পর্যন্ত দুই হাজার বইও পাওয়া যায়নি।"
তিনি বলেন, "কক্সবাজারের বই বিক্রেতারা ঢাকায় বইয়ের জন্য গেলে সরাসরি জানিয়ে দেওয়া হয় বই নাই। যা পাওয়া যাচ্ছে সেগুলোও বেশি দামে কিনতে হচ্ছে।"
ওমর ফারুক দাবি করেন, ২০ টাকা দামের বই ৩০ টাকায় কিনতে হয়েছে। বেশি দামে বই কিনে এনে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে গেলে ঝগড়া বেঁধে যাচ্ছে ক্রেতাদের সঙ্গে। আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই।"
পর্যাপ্ত বই সরবরাহের দাবিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কক্সবাজার জেলা শাখা গত বুধবার জেলার সব বইয়ের দোকান বন্ধ রাখে। সমিতি পর্যাপ্ত পাঠ্য বইয়ের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপিও দিয়েছে।
সমিতির কক্সবাজার জেলা সভাপতি ওমর ফারুক জানান, তাদের দাবি হল- এক সপ্তাহের মধ্যে জেলায় প্রয়োজনীয় বই সরবরাহের ব্যবস্থা করা, শিক্ষা বোর্ড থেকে জেলায় প্রয়োজনীয় বই সরবরাহ ও পুস্তক বিক্রেতাদের অযথা হয়রানি বন্ধ করা।
মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকার বইয়ের দোকান আসিফ লাইব্রেরির স্বত্ত্বাধিকারী জামালুল আনোয়ার জানান, মহেশখালী উপজেলায় ২০ হাজার বইয়ের চাহিদা রয়েছে। অথচ এখন পর্যন্ত একহাজার বইও পাওয়া যায়নি।
তিনি দাবি করেন, "৬ষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের দাম ২৪ টাকা ৬০ পয়সা। অথচ আমাদের কিনতে হয়েছে ৪৫ টাকায়। বিক্রি করতে হচ্ছে ৫০ টাকায়।"
কক্সবাজার শহরের বই ব্যবসায়ী আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যতদূর শুনেছি- সরকার যাদের পাঠ্য বই ছাপানোর জন্য বিনামূল্যে কাগজ দিয়েছিল তারা ওই কাগজ চড়া মূল্যে বাজারে বিক্রি করে দিয়েছে। এই কারণে সারাদেশেই মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ের সংকট সৃষ্টি হয়েছে।"
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, জেলায় বর্তমানে ৬টি সরকারি, ১১৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬৯টি দাখিল মাদ্রাসা রয়েছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বই পাচ্ছে না বলেও তিনি স্বীকার করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মনজুর আলম ভূঁঞা বলেন, "স্মারকলিপি পাওয়ার পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের কিছুই করার নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.
bdnews24