ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠলেন। প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর সোয়া বারোটায় সপরিবারে রমনা এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনটিতে ওঠেন।
এবারই প্রথম শেখ হাসিনা অতিথি ভবন যমুনায় উঠলেন। আগের বার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি গণভবনে উঠেছিলেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্যসচিব আজাদ জানান, এবারও তার গণভবনে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু ২০০১-এর পর থেকে গত সাত বছর ভবনটি অব্যবহৃত ছিল। দীর্ঘ সময় ভবনটির সংস্কার ও সংরক্ষণ করা হয়নি বলে এই মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে না। সেজন্যেই প্রধানমন্ত্রী এখনই গণভবনে না উঠে আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠলেন। পরে তিনি গণভবনে যাবেন।
এর আগে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অতিথি ভবন যমুনায় যান সেখানকার অবস্থা দেখতে। পরে ব্যবহার উপযোগী জিনিসপত্র সুধাসদন থেকে যমুনায় নিয়ে যাওয়া হয় ।
২০০১-এর নির্বাচনের আগে থেকেই শেখ হাসিনা তার স্বামী ড.ওয়াজেদ মিয়ার ধানমন্ডির বাড়ি সুধাসদনে থাকছেন।
আবাহনী ক্লাবকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
টানা দ্বিতীয়বারের মতো পেশাদার ফুটবল লীগে চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনী লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের নেতৃত্বে ক্লাবের একদল কর্মকর্তা শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এই অভিনন্দন জানান।
শেখ হাসিনার ভাই শেখ কামাল ছিলেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ফুটবল তথা ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান শক্তি 'আবাহনী ক্রীড়াচক্র' প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা।
কর্মকর্তাদের মধ্যে ছিলেন- আবাহনী লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদ, ফুটবল সেক্রেটারি কাজী নাবিল আহমেদ, পরিচালক শাহ আলম, সমর্থক গোষ্ঠির সভাপতি জাহাঙ্গীর আলম, ফুটবল কোচ অমলেশ সেন, ম্যানেজার সত্যজিত দাশ রুপু।
সাক্ষাৎ শেষে শেখ হাসিনার উপ-তথ্যসচিব নকিব উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আবাহনী লিমিটেডের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি সারাদেশে ফুটবলসহ খেলাধুলা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান।
এদিকে শেখ হাসিনার নতুন বাসভবনে উঠা উপলক্ষে বাদ মাগরেব যমুনায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএম/এইচএ/২৩১১ঘ.
bdnews24