চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী এলাকায় দুই ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে। আহত অপর এক ছিনতাইকারীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিক্সা আরোহী এক মহিলার ভ্যানিটি ব্যাগ শুক্রবার সন্ধ্যায় ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে দুই ছিনতাইকারী খোকন (২১) ও জাহিদ (২০) গরুতর আহত হয়। চমেক হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়। আহত অপর ছিনতাইকারী শাহিন (২০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর এলাকার বাসা থেকে রিক্সায় করে মিতা নামের এক মহিলা ও তার স্বামী মনিরুজ্জামান অলংকার মোড় যাচ্ছিলেন। পাহাড়তলী থানার সরাইপাড়া পোর্ট কানেকটিং রোডের লোহারপুল এলাকায় পৌঁছলে সিএনজি অটোরিক্সা (চট্টমেট্রো -১১-৮১১) আরোহী তিন ছিনতাইকারী মিতার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
কিন্তু মিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাকারীদের ধাওয়া করে ধরে ফেলে।
পাহাড়তলী অঞ্চলের সহকারি পুলিশ কমিশনার ইলতুৎ মিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড়তলী থানা পুলিশের একটি দল ছিনতাই-এর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত তিন ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পথে দু'জন মারা যায়।
তিনি জানান, ছিনতাই করা ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/২২২৫ঘ.
bdnews24