২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাস পর কবর থেকে তোলা হলো পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ

রহস্যজনক মৃত্যুর ছয়মাস পর পুলিশ কর্মকর্তার স্ত্রী পারভীন আক্তার পাপিয়ার লাশ ময়না তদন্তের জন্য বুধবার কবর থেকে তোলা হয়েছে। পাপিয়ার পরিবারের অভিযোগ তার পুলিশ কর্মকর্তা স্বামীই তাকে হত্যা করেছেন। পাপিয়ার স্বামী সৈয়দ মমিনুল আহসান সাজ্জাদ বর্তমানে রাজারবাগ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রহস্যজনক মৃত্যুর ছয়মাস পর পুলিশ কর্মকর্তার স্ত্রী পারভীন আক্তার পাপিয়ার লাশ ময়না তদন্তের জন্য বুধবার কবর থেকে তোলা হয়েছে। পাপিয়ার পরিবারের অভিযোগ তার পুলিশ কর্মকর্তা স্বামীই তাকে হত্যা করেছেন। পাপিয়ার স্বামী সৈয়দ মমিনুল আহসান সাজ্জাদ বর্তমানে রাজারবাগ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত রয়েছেন। আদালতের নির্দেশে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সিদ্দিকের উপস্থিতিতে বুধবার বিকেলে দিকে আগারগাঁও নিউ কলোনি কবরস্থান থেকে পাপিয়ার লাশ তোলে তেজগাঁও থানা পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ মতিয়ার রহমানসহ পাপিয়ার আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। উপ-পরিদর্শক শেখ মতিয়ার রহমান জানান, বিকেল ৪টার পর কবর থেকে লাশটি তোলা হয়। এরপর ময়না তদন্তের জন্য তা পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, লাশের সুরতহালে উল্লেখ করা হয়েছে যে, শরীরে কোনও মাংস নেই, শুধু হাড় (কঙ্কাল) রয়েছে। বৃহস্পতিবার বোর্ড গঠন করে লাশের ময়না তদন্ত করা হবে। গত বছর ৩০ আগস্ট ৪০/বি ইন্দিরা রোডের বাসায় পাপিয়ার রহস্যজনক মৃত্যু হয়। পাপিয়ার পরিবারের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করেন তার পুলিশ কর্মকর্তা স্বামী। এ ব্যাপারে গত ৩০ জানুয়ারি তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সাজ্জাদ, দ্বিতীয় স্ত্রী জাহানারা পারভীন লাকি ও তার বোন রওশন আরা শিউলিকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, সাজ্জাদ পাপিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২২৫৬ঘ.