২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"জলবায়ু পরিবর্তন কোনো সুদূর বিপদ নয়"

ডেনমার্কের সফররত জলবায়ু ও জ্বালানিমন্ত্রী কনি হেডেগার্ড বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া কোনো দূরবর্তী বিপদ নয়। বরং এর ব্যাপক প্রতিক্রিয়া এরই মধ্যে বাংলাদেশসহ সারা বিশ্বে অনুভূত হচ্ছে। মারুফ মল্লিককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরলেন জলবায়ু পরিবর্তনের নানা বিপদের দিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডেনমার্কের সফররত জলবায়ু ও জ্বালানিমন্ত্রী কনি হেডেগার্ড বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া কোনো দূরবর্তী বিপদ নয়। বরং এর ব্যাপক প্রতিক্রিয়া এরই মধ্যে বাংলাদেশসহ সারা বিশ্বে অনুভূত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে মঙ্গলবার এক সাক্ষাতকারে তিনি বলেন, "সফরকালে আমি বাংলাদেশের জনগণকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়তে দেখেছি।" তিনি আরো বলেন, "জলবায়ু পরিবর্তন কোনো সুদূর বিপদ নয়। এটা সুদূর ভবিষ্যতের বিষয় নয়।" মন্ত্রী বলেন, "জলবায়ূ পরিবর্তনের ফলে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।" 'কোপেনহেগেনের পথে বাংলাদেশ' শীর্ষক এক সম্মেলনে যোগ দিতে সোমবার তিনি ঢাকা পৌঁছেন। আগামী ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি খতিয়ে দেখাই হেডেগার্ডের সফরের মূল উদ্দেশ্য। জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবিলা ও এর প্রতিক্রিয়ার সঙ্গে বাংলাদেশের খাপ খাইয়ে নেওয়ার জন্য জন্য বিভিন্ন কর্মসূচি তৈরিতে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার অর্থে গঠিত তহবিলে ডেনমার্কও অবদান রাখার প্রতিশ্র"তি দিয়েছে। হেডেগার্ড বলেন, "জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বাংলাদেশের সামনের বড় চ্যালেঞ্জগুলোর অন্যতম। আমি জানতে পেরেছি যে, বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে যে বিনিয়োগ করা হয়ে থাকে জলবায়ু পরির্তনের প্রতিক্রিয়ায় তার ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।" তার প্রতিনিধি দলের সদস্যরা জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া দেখার জন্য পটুয়াখালী সফর করেন। এই পরিবর্তনের শিকার যারা হয়েছে তাদের সঙ্গেও তারা কথাবার্তাও বলেছেন বলে ডেনিশ মন্ত্রী জানান। ২০০৭ সালের ঘূুর্ণিঝড় সিডরে জেলার ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরেন তিনি। বার বার বন্যায় ফসল ও পশু সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়ে হেডেগার্ড বলেন, "বিশ্বের যে লাখ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের মুখে পুরোপুরি অরক্ষিত, পটুয়াখালীর অধিবাসীরা তাদের ভাগ্যকেই তুলে ধরেছে।" তিনি আরও বলেন, "পটুয়াখালীবাসীর কথা শুনে বস্তুতপক্ষে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় জরুরিভিত্তিতে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে।" হেডেগার্ড বলেন, "বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের শিকার লোকজনের কথা শুনে তিনি জেনেছেন, তাদের সকলেরই একটি অভিন্ন অভিজ্ঞতা রয়েছে। আর তা হলো অনিশ্চয়তা- আবহাওয়ার আচরণ দিন দিন বেশি করে অনিশ্চিত হয়ে পড়ছে।" ডেনমার্কের মন্ত্রী বলেন, "আগে ছয়টি ঋতু থাকলেও এখন তা তিনটিতে পরিণত হয়েছে। আগে আমরা জানতাম কখন বীজ বপন করতে হবে, কখন ফসল তুলতে হবে। পূর্ব পুরুষদের কাছ থেকে আমরা তা জানলেও এখন আর কোনো কাজে লাগছে না।" আর একেই তিনি আসল চ্যালেঞ্জ বলে অভিহিত করেন। তিনি বলেন, "এই একই কথা আমি শুনেছি পশ্চিম আফ্রিকা, উত্তর থাইল্যান্ড এবং গ্রীনল্যান্ডে।" জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া এখন বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা এবং সামাজিক কাঠামোর ওপরও পড়ছে তিনি জানান। মন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া কোন সীমানা মানে না, এর কোন সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক পরিচয়ও নেই। এর প্রতিক্রিয়া পড়ে সর্বস্তরের সব ধরনের মানুষের ওপর।" তিনি বলেন, "আর তাই ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যে বিষয়টি তুলে ধরা হবে তা হলো-এর প্রতিক্রিয়া মোকাবিলায় সারা বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।" হেডেগার্ড বলেন, "এ ব্যাপারে নেতৃত্ব অবশ্যই শিল্পোন্নত দেশগুলোকে দিতে হবে।" তিনি বলেন, "প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়ন যাতে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারে তার একটি উপায় আমাদের খুঁজে বের করা প্রয়োজন। কেননা ২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যা ৯ শ' কোটিতে গিয়ে ঠেকবে।" এজন্য অতিরিক্ত আর্থিক তহবিলের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে তিনি বলেন তা অবশ্যই শুধু বরাবরের মতো শিল্পোন্নত দেশের প্রতিশ্র"তি নির্ভর হবে না। তিনি বলেন, "অর্থের জন্য আমাদের অবশ্যই নতুন উৎস খুঁজে বের করতে হবে।" ডেনমার্কের জলবায়ু মন্ত্রী বলেন, "এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যে জরুরি তা বাংলাদেশে প্রতিফলিত হয়েছে। যথাযথ সময়ে তৈরি করা হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবিলায় কৌশল ও কর্ম পরিকল্পনা।" তিনি বলেন, "এ ব্যাপারে বাংলাদেশের লক্ষ্য অর্জন এবং নতুন কৌশল ও কর্ম পরিকল্পনার জন্য অতিরিক্ত অর্থিক সহায়তা দিতে ডেনমার্ক প্রস্তুত।" ডেনমার্ক ১২ কোটি টাকার আর্থিক সহায়তা দিচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, "এ ব্যাপারে বাংলাদেশকে ডেনমার্ক প্রতি বছর যে ২ শ' কোটি টাকা করে সহায়তা দিচ্ছে এই অর্থ তার অতিরিক্ত।" তিনি আরও বলেন, "জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও কৌশলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিকে অবশ্যই অন্তর্ভূক্ত করতে হবে।" মন্ত্রী বলেন, "সারা বিশ্বের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীরই অংশ বাংলাদেশের মানুষ। জলবায়ু পরিবর্তনের মুখে সবচেয়ে অরক্ষিতও তারা। তাই জীবনযাত্রার মানোন্নয়নের প্রত্যাশা করার অধিকার তাদের আছে।" সবশেষে তিনি বলেন, "আমি বাংলাদেশ থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা কেবল আমার কাছেই থাকবে না, বরং কেন আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে তা বিশ্ববাসীকে বোঝানোর জন্য এই অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএএইচ/এফএফ/টিআর/১৯৫২ ঘ.