২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার হোটেল ও বস্তিতে ব্লক-রেইডের নির্দেশ

ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সন্ত্রাসী তৎপরতা রোধে হোটেল ও বস্তিতে 'ব্লক রেইড' চালানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সন্ত্রাসী তৎপরতা রোধে হোটেল ও বস্তিতে 'ব্লক রেইড' চালানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার মহানগরীর ৩৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এতে মন্ত্রণালয়ের সচিব আব্দুল করিম, পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে মলম পার্টির তৎপরতাসহ সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেশ কিছুটা অবনতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ঢাকাসহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কর্মকর্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশি টহল জোরদার এবং র‌্যাব ও পুলিশের প্রতি সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাওয়ারও তাগিদ দেওয়া হয়েছে।" তিনি বলেন, "ঢাকাসহ সারা দেশেই বিশেষ অভিযান চলবে। পুলিশ ও র‌্যাবের তৎপরতা জোরদার করে তোলার জন্য মনিটরিং ব্যবস্থাকে আরো শক্তিশালী করারও পরামর্শ দেওয়া হয়েছে।" জঙ্গি হামলার আশঙ্কা আছে কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, "হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে আমরা প্রস্তুত আছি এবং সব সময় প্রস্তুত থাকি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএএ/টিআর/১৬২৭ ঘ.