ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রধান নদ-নদীর নাব্যতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বুধবার সকালে ডেনমার্কের সফররত জলবায়ু ও জ্বালানীমন্ত্রী কনি হেডেগার্ডের সাক্ষাতের সময় শেখ হাসিনা তাকে একথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ বৈঠক সম্পর্কে জানান, শেখ হাসিনা হেডেগার্ডকে জানান যে, তার সরকার ২০২১ সালে দারিদ্রমুক্ত, উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসাবে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালনে দৃঢ় প্রতিজ্ঞ।
ডেনমার্কের জলবায়ুমন্ত্রীকে প্রধানমন্ত্রী জানান, জাতীয় সংসদের বিশেষ কমিটির সুপারিশ ও কার্যপ্রনালী বিধি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের জারি করা সব অধ্যাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন, বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিরা রয়েছেন। এই কমিটি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ৩০ দিনের মধ্যে এগুলোর নিষ্পত্তি করবে।
ডেনমার্কের মন্ত্রী শেখ হাসিনার কাছে তার দেশের প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।
আবুল কালাম আজাদ জানান, তারা জলবায়ু পরিবর্তন ও জ্বালানী সমস্যা নিয়ে অলোচনা করেন। দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরো বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ডেনমার্কের পক্ষ থেকে বাংলাদেশকে সব রকম সহায়তা দেওয়া হবে বলে জলবায়ুমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম ও ডেনমার্কের রাষ্ট্রদূত এইনার এইচ ইয়েনসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিআর/১৪৫৮ ঘ.
bdnews24