২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২২টি অধ্যাদেশের মাত্র ৪৪ টি আইন হচ্ছে

তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা ১২২ টি অধ্যাদেশের মধ্যে ৪৪ টিকে আইনে পরিণত করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অধ্যাদেশগুলোকে বিল আকারে জাতীয় সংসদে উত্থাপনের জন্য বিশেষ কমিটিকে মতামত দিয়েছে সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষ পর্যালোচনা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা ১২২ টি অধ্যাদেশের মধ্যে ৪৪ টিকে আইনে পরিণত করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অধ্যাদেশগুলোকে বিল আকারে জাতীয় সংসদে উত্থাপনের জন্য বিশেষ কমিটিকে মতামত দিয়েছে সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষ পর্যালোচনা কমিটি। তবে, এই সংখ্যা কমতেও পারে। আইনজীবীরা বিশেষ কমিটি'র বৈঠকে উপস্থিত ছিলেন। এসময়, আইনজীবীরা বলেন, সংবিধানের ৫৮ (ঘ) অনুচ্ছেদকে যদি কঠোরভাবে প্রয়োগ করা হয় তা হলে তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর অধিকাংশই থাকে না। সংবিধানের ৫৮ (ঘ) ১ - এ বলা হয়েছে, "নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি অন্তর্বতীকালীন সরকার হিসাবে ইহার দায়িত্ব পালন করবেন এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিগণের সাহায্য ও সহায়তায় উক্তরূপ সরকারের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করিবেন ; এবং এইরূপে কার্যাবলী সম্পাদনের প্রয়োজন ব্যতীত কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করিবেন না।" জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় বিশেষ কমিটির চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ কমিটির এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘন্টা স্থায়ী এই বৈঠকে আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষ পর্যালোচনা কমিটির চার সদস্য উপস্থিত ছিলেন। এই চার সদস্য হলেন, সাবেক অ্যার্টনি জেনারেল মাহমুদুল ইসলাম, ড. এম জহির, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ এবং আজমালুল হোসেন। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিশেষ পর্যালোচনা কমিটির মতামতের ভিত্তিতে আমরা শর্ট লিস্ট করেছি। অধ্যাদেশগুলোর মধ্যে ৪৪ টিকে বিল আকারে প্রস্তুত করার কথা বলা হয়েছে। যে অধ্যাদেশগুলোকে নেওয়া হয়েছে তার ভিত্তি হলো সংবিধানের ৫৮ এর 'ঘ' অনুচ্ছেদ।" আইন মন্ত্রী জানান, বাকী অধ্যাদেশগুলোর বিষয়ে সংসদে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বৈঠক থেকে বের হয়ে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "সংবিধানের ৫৮ (ঘ) - কে ভিত্তি ধরলে অধিকাংশ অধ্যাদেশই থাকে না।" তিনি জানান, ১৫ ফেব্র"য়ারি তারা আবার বৈঠকে বসবেন। ড. এম জহির বলেন, "আমরা প্রথমত ৪৫ টি অধ্যাদেশ পাশের কথা বলেছিলাম। কিন্তু, এখন আমরা এগুলোর ব্যাপারে আরো কঠোর দৃষ্টি দিচ্ছি। ওনারা (তত্ত্বাবধায়ক সরকার) কিছু কাজ করেছেন। সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী কর নির্ধারণ করবে সংসদ। কিন্তু, বিগত সরকার কর নির্ধারণ করেছিলো। সে কর আদায় করেছে। সে কর-তো আর ফিরিয়ে নেওয়া যাবে না।" এম জহির বলেন, "উপজেলার কার্যক্রম নির্ধারণ হবে সংসদের আইনে। পুরো আইনটাই তারা (তত্ত্বাবধায়ক সরকার) নতুন করে করেছে। তবে, নির্বাচনের বৈধতা তো দিতেই হবে। এটা 'সেভিং ক্লজ' দিয়ে পাশ করানো হবে। বিলের মুখবন্ধে একথাগুলো বলে দিতে হবে। এটা একটা নির্দেশনা হবে।" বিশেষ কমিটির সদস্যদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, এম কে আনোয়ার, রুহুল আমিন হাওয়াদার, আব্দুল মতিন খসরু, মুজিবুর রহমান, নুরুল ইসলাম সুজন, ফজলে নূর তাপস বৈঠকে ইপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/জিএনএ/২১২৫ ঘ.