২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

ছোট ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন ফেনীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ফেনী, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ছোট ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন ফেনীর একটি আদালত। জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলাম সোমবার দুপুরে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ছাগলনাইয়ার বাথানিয়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আবুল কাশেম (৪২)। পিপি শারফুদ্দিন আহমদ মানিক জানান, ২০০৪ সালের ১৩ নভেম্বর দুপুরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে আবুল কাশেম তার ছোট ভাই আবুল হাশেমকে (২৬) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এরপর পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের মা ছালেহা খাতুন বাদী হয়ে কাশেম ও তার স্ত্রী আমেনা বেগমকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/টিআর/এসকে/২০০০ ঘ.