ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জোট সরকারের আমলে বাদ পরা দশ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগের ব্যাপারে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দখিল করা আপিল সরকার আর চালাবে না বলে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম সুপ্রিম কোর্টে জানিয়েছেন।
এই দশ বিচারপতি হলেন আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আবদুল হাই ও নিজামুল হক নাসিম।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দাখিল করা লিভ টু আপিল ও রায় স্থগিতের আদেশ খারিজের জন্য ১০ বিচারপতির আবেদনের ওপর আগামী ১৮ ফেব্র"য়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।
রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
গত বছর ২৯ জুলাই আপিল বিভাগ বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার ও কর্মরত ১৯ বিচারপতির আবেদনের পরিপ্রেক্ষিতে দশ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দেয়ার ব্যাপারে হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছিল।
এই স্থগিতাদেশ খারিজের জন্য বাদ পরা দশ বিচারপতি গত ২৯ জানুয়ারি আবেদন করলে আপিল বিভাগের চেম্বার জজ তাফাজ্জাল ইসলাম রোববার নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
এ ব্যাপারে শুনানির সময় সরকার পক্ষে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম আদালতে বলেন, সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দাখিল করা আপিল আর চালাতে চায় না। আপিল সরকার প্রত্যাহার করে নিতে চায়।
বাদ পরা ১০ বিচারপতির পক্ষে ড. কামাল হোসেন হাইকোর্টের রায় স্থগিতের আদেশ খারিজ অথবা সংশোধনের আর্জি পেশ করেন। তিনি বলেন, বাদ পরার দীর্ঘদিন পর এই বিচারপতিদের পুনঃনিয়োগ দেয়ার জন্য হাইকোর্ট রায় দিয়েছেন। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বাদ পরা এই বিচারপতিদের নিয়োগে হাইকোর্টের রায়ে জ্যেষ্ঠতা দেওয়ার যে কথা বলা হয়েছে তা পরে বিবেচনা করে দেখার আবেদন জানান।
কর্মরত বিচারপতিদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান।
সরকারের আপিল প্রত্যাহারের ব্যাপারে কোন লিখিত আবেদন জানানো হবে কিনা, এ প্রশ্নের জবাবে এম ইনায়েতুর রহিম সাংবাদিকদের বলেন, আদালতে মৌখিকভাবে জানালেই আপিল প্রত্যাহার হয়ে যায়।
তিনি বলেন, এই বিচারপতিরা রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিনত হয়েছেন। এ কারণেই সরকার জানিয়েছে তাদের বিরুদ্ধে আপিল চালানো হবে না।
গত ১৭ জুলাই চারদলীয় জোট সরকারের আমলে বাদ পরা ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
হাইকোর্টের রায়ে দশ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগের নির্দেশ দেয়ার পাশাপাশি তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের সময় থেকে জ্যেষ্ঠতা দেওয়ারও আদেশ দেওয়া হয়।
তবে তাদের বাদ পরার পর থেকে হাইকোর্টের আদেশে স্থায়ী নিয়োগ না পাওয়া পর্যন্ত সময়কালকে 'বিনা বেতনে বিশেষ ছুটি' হিসেবে গণ্য করার কথা বলা হয়। এছাড়া রায়ে ওই ১০ বিচারপতিকে বাদ দেওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬০৭ঘ.
bdnews24